• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০২৬ সালের এখন পর্যন্ত সেরা ও আলোচিত যে ১২ সিনেমা

প্রকাশিত: ১৮:৪৯, ১৫ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৫৯, ১৫ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
২০২৬ সালের এখন পর্যন্ত সেরা ও আলোচিত যে ১২ সিনেমা

চলতি বছরের এখন পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ১২টিকে সেরা হিসেবে বেছে নিয়েছেন বিবিসির চলচ্চিত্র সমালোচক ক্যারিন জেমস ও নিকোলাস বারবার। তালিকায় ক্রিস্টোফার নোলানের মহাকাব্যিক ব্লকবাস্টার থেকে শুরু করে কমেডি, সায়েন্স ফিকশন ও রাজনৈতিক ড্রামাও রয়েছে।

১. দ্য ইনভাইট: সেথ রোজেন ও অলিভিয়া ওয়াইল্ড অভিনীত এই কমেডিতে এক সন্ধ্যায় একটি অ্যাপার্টমেন্টে চার চরিত্রের গল্প উঠে এসেছে। হাস্যরসের পাশাপাশি চরিত্রগুলোর সম্পর্কের টানাপোড়েন ও আবেগও সিনেমাটিকে আলাদা করেছে।

২. দ্য ওডিসি: হোমারের প্রাচীন মহাকাব্য অবলম্বনে ক্রিস্টোফার নোলানের নির্মিত এ সিনেমায় ওডিসিয়ুসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, টম হল্যান্ড ও জেন্ডায়াও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা সিনেমাটিতে ট্রয় যুদ্ধ থেকে শুরু করে ওডিসিয়ুসের ইথাকায় ফেরার যাত্রা তুলে ধরা হয়েছে।

৩. নিরভানা দ্য ব্যান্ড দ্য শো দ্য মুভি: ম্যাট জনসন ও জে ম্যাকক্যারলের এই কানাডিয়ান কমেডিতে দুই উচ্চাকাঙ্ক্ষী তারকার হাস্যকর অ্যাডভেঞ্চারের গল্প বলা হয়েছে। পুরোনো ও নতুন ফুটেজ মিলিয়ে নির্মিত সিনেমাটি টরন্টো শহর ও দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিও ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে।

৪. দ্য শিপ ডিটেকটিভস: লাইভ অ্যাকশন ও সিজিআই অ্যানিমেশনের মিশেলে তৈরি এই সিনেমায় এক রাখাল খুন হওয়ার পর তার পালিত ভেড়ারাই হত্যার রহস্য উদ্‌ঘাটনে নামে। শিশুদের উপযোগী গল্প হলেও প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্যও রয়েছে বুদ্ধিদীপ্ত হাস্যরস।

৫. ২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল: ড্যানি বয়েল ও অ্যালেক্স গারল্যান্ডের ‘২৮ ইয়ার্স লেটার’ সিরিজের এই পরবর্তী কিস্তিতে ভয় ও রক্তাক্ত দৃশ্যের পাশাপাশি নিজস্ব ফোক-হরর আবহ তৈরি করা হয়েছে। র‍্যালফ ফাইনস ও জ্যাক ও'কনেলের অভিনয়ও সিনেমাটির অন্যতম আকর্ষণ।

৬. মাই ফাদার’স শ্যাডো: ১৯৯৩ সালের নাইজেরিয়াকে পটভূমি করে নির্মিত সিনেমাটিতে এক বাবা ও তার দুই ছোট ছেলের এক দিনের গল্পের মধ্য দিয়ে পারিবারিক সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও তুলে ধরা হয়েছে। লাগোসের জীবন্ত চিত্রায়ণ এবং শিশুদের দৃষ্টিকোণ থেকে গল্প বলার ধরন বিশেষ প্রশংসা পেয়েছে।

৭. হপার্স: পিক্সারের এই অ্যানিমেশন সিনেমায় স্কুলছাত্রী মেবেল একটি রোবোটিক বিভারের শরীরে নিজের মন স্থানান্তর করে প্রাণীদের ভাষা বুঝতে পারে। এরপর দুর্নীতিগ্রস্ত মেয়রের বিরুদ্ধে প্রাণীদের সংগঠিত করে সে। মজার অ্যাডভেঞ্চারের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও রয়েছে সিনেমাটিতে।

৮. উথারিং হাইটস: এমেরাল্ড ফেনেলের নির্মাণে এমিলি ব্রন্টের বিখ্যাত উপন্যাসের নতুন রূপ পেয়েছে ‘উথারিং হাইটস’। ক্যাথি ও হিথক্লিফের ভূমিকায় মার্গট রবি ও জ্যাকব এলর্ডি অভিনয় করেছেন। প্রেম, শ্রেণিবৈষম্য ও সম্পর্কের তীব্রতার পাশাপাশি সিনেমাটির রঙিন ভিজ্যুয়ালও প্রশংসিত হয়েছে।

৯. প্রজেক্ট হেইল মেরি: অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত সায়েন্স ফিকশন সিনেমাটিতে একজন স্মৃতিভ্রষ্ট জীববিজ্ঞানীর গল্প বলা হয়েছে, যিনি পৃথিবীকে রক্ষার চেষ্টা করেন। রায়ান গসলিং অভিনীত সিনেমাটি জটিল বৈজ্ঞানিক বিষয়কে আকর্ষণীয় ও বিনোদনমূলকভাবে উপস্থাপন করেছে।

১০. টু প্রসিকিউটরস: সের্গেই লোজনিৎসার এই রাজনৈতিক ড্রামার পটভূমি ১৯৩৭ সালের সোভিয়েত ইউনিয়ন। স্টালিনের শুদ্ধি অভিযানের সময়ে এক তরুণ আইনজীবী রাজনৈতিক বন্দিদের ওপর নির্যাতনের সত্য প্রকাশের চেষ্টা করেন। ধীরে ধীরে গল্পটি এক ভীতিকর ও কর্তৃত্ববাদী বাস্তবতায় পরিণত হয়।

১১. ডেড ম্যান’স ওয়্যার: গাস ভ্যান স্যান্টের এই ব্ল্যাক কমেডি থ্রিলার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। আর্থিক সমস্যার জন্য দায়ী এক মর্টগেজ ব্রোকারকে অপহরণ করে আলোচনায় উঠে আসা টনি কিরিটসিসের গল্প এতে তুলে ধরা হয়েছে। বিল স্কারসগার্ডের অভিনয় সিনেমাটির অন্যতম প্রধান আকর্ষণ।

১২. দ্য ড্রামা: জেন্ডায়া ও রবার্ট প্যাটিনসন অভিনীত এই ড্রামেডিতে বিয়ের প্রস্তুতি নেওয়া এক জুটির জীবনে হঠাৎ নেমে আসে অপ্রত্যাশিত মোড়। বিয়ের মাত্র এক সপ্তাহ আগে এমা তার বাগদত্তা চার্লিকে একটি গোপন কথা জানায়। এরপর সম্পর্ক, ভালোবাসা ও মানসিকতার জটিলতা সামনে আসে। সিনেমাটি এর বিতর্কিত বিষয়বস্তুর কারণেও আলোচনায় এসেছে।

সূত্র: বিবিসি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত