• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে ‘রইদ’

প্রকাশিত: ১৬:২৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে ‘রইদ’

ছবি: রইদ সিনেমার পোস্টার

বাংলাদেশের সিনেমার জন্য আবারও বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটি আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম ঘোষণা করে।

এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য জমা পড়েছিলো পাঁচটি সিনেমা। এগুলো হলো—নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা চূড়ান্ত বিবেচনায় আসে। সেখান থেকে নির্বাচিত হয় ‘রইদ’।

নির্বাচনের প্রতিক্রিয়ায় নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘রইদ’ এই অঞ্চলের গল্প। স্থানীয় সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটি এগিয়েছে। সিনেমাটির মাধ্যমে দর্শককে নান্দনিক ও ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

‘রইদ’-এ সাধু ও তার স্ত্রী পাগলির সম্পর্কের মধ্য দিয়ে প্রেম ও মানবিক অনুভূতির গভীর আখ্যান তুলে ধরা হয়েছে। সিনেমাটির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্যের মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে সিনেমাটি নির্বাচিত হয়েছে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্যরা হলেন- সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

এখন ‘রইদ’-এর লক্ষ্য অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্থান করে নেওয়া। সেখানে জায়গা করে নিতে পারলে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি হবে আরও বড় অর্জনের সুযোগ।

বিভি/এমআর

মন্তব্য করুন: