প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা, যা ছিল ফেসবুক স্ট্যাটাসে
বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক সম্মতিতেই তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন এই তারকা জুটি।
রবিবার (৪ অক্টোবর) নিজেদের ফেসবুক পোস্টে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজ ও প্রীতম।
পোস্টে তারা জানান, পারস্পরিক বোঝাপড়ায় ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
তারা আরও জানান, এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। নিজেদের মধ্যে আলোচনাকরে এবং পরিবারের সমর্থন নিয়েই এ সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।
প্রীতমের এই পোস্টে ছিল, 'আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।
একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।
এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই।এই পরিবর্তনের সময়টুকুতে আমাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ রইল। আমরা আশা করি, বিষয়টি আমাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে।
সবসময় পাশে থাকা এবং আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।'

মুহূর্তেই ফেসবুকে এই পোস্ট ভাইরাল হয়ে যায়। ৪৬ মিনিটের মধ্যে এই পোস্টে ২৮ হাজারের বেশি রিয়েক্ট করেন তাদের ভক্তরা। একই সঙ্গে এই পোস্ট শেয়ার করেন আড়াই হাজারের বেশি মানুষ। সম্পর্কের এমন ভাঙন নিয়ে হতাশার কথা ব্যক্ত করেন ভক্তরা।
২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রায় ৫ বছর প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেছিলেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: