• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বিবাহবিচ্ছেদ: প্রীতমের পর শেহতাজের আবেগঘন বার্তা

প্রকাশিত: ০১:০১, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিবাহবিচ্ছেদ: প্রীতমের পর শেহতাজের আবেগঘন বার্তা

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মুনিরা হাশেম ও সংগীতশিল্পী প্রীতম হাসান। পারস্পরিক সম্মতি ও সৌহার্দ্যপূর্ণভাবে তারা বিবাহবিচ্ছেদের এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন শাহতাজ।

রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে শেহতাজ এসব কথা জানান।

পোস্টে তিনি বলেন, প্রীতম ও আমি পারস্পরিক সম্মতি ও সৌহার্দ্যপূর্ণভাবে ১০ বছরের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।

শেহতাজ বলেন, একসঙ্গে কাটানো সুন্দর সময় ও স্মৃতিগুলোর জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। আমাদের মধ্যে এখনো পারস্পরিক শ্রদ্ধা ও যত্ন রয়েছে। তবে সময়ের সঙ্গে আমরা বুঝতে পেরেছি, আমাদের পারস্পরিক বোঝাপড়ার কিছু সীমাবদ্ধতার কারণে আলাদা পথ বেছে নেওয়াই আমাদের দুজনের জন্য ভালো হবে।

অনেক ভেবেচিন্তে এবং নিজেদের মধ্যে আলোচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে জনপ্রিয় এই অভিনেত্রী জানান, আমাদের পরিবারের সমর্থন ও সহযোগিতায় আমরা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। এই পরিবর্তনের সময়টুকু আমাদের জন্য সহজ নয়। তাই বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর এবং এই সময়টিতে আমাদের প্রতি সহানুভূতিশীল থাকার অনুরোধ করছি।

পোস্টের শেষে তিনি বলেন, আমাদের সিদ্ধান্তকে সম্মান করার জন্য এবং আপনাদের ভালোবাসা, বোঝাপড়া ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।

এর আগে সামাজিক মাধ্যমে প্রীতম লিখেছেন, আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।

এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয় উল্লেখ করে, অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই।

এই পরিবর্তনের সময়টুকুতে এই দুই তারকার ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বিবৃতিতে তারা লিখেছেন, আমরা আশা করি, বিষয়টি আমাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। সবসময় পাশে থাকা এবং আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

বিভি/টিটি

মন্তব্য করুন: