শুভর চার মিউজিক ভিডিওতে মডেল বৃষ্টি
সংগীতশিল্পী শুভর চারটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন বৃষ্টি আক্তার। ‘শুধু তুই’, ‘বোঝাবো তোকে’, ‘তুমি আমি’ ও ‘তুমি আমার হয়ে থেকো’ শিরোনামের গানগুলোতে দেখা যাবে এই মডেলকে। নতুন এই কাজগুলো নিয়ে আশাবাদী শুভ ও বৃষ্টি দুজনই।
চারটি মিউজিক ভিডিও প্রসঙ্গে সংগীতশিল্পী শুভ বলেন, “বৃষ্টি আক্তার দারুণ অভিনয় করেছেন। এক কথায় অসাধারণ। আশা করি, দর্শকদেরও আমাদের কাজ ভালো লাগবে। তিনটি মিউজিক ভিডিও খুব শিগগিরই প্রকাশ পাবে। এবার দর্শকদের জন্য ভালো কিছু কাজ করার চেষ্টা করেছি আমি ও বৃষ্টি।”
অন্যদিকে, শুভর গানের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মডেল বৃষ্টি আক্তার। তিনি বলেন, “শুভর গান আমার অনেক পছন্দের। তাঁর গানের মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করি, দর্শকদের আমাদের জুটিটা ভালো লাগবে। এই কাজগুলো করতে পেরে আমি খুবই আনন্দিত।”
গানগুলোর কথা লিখেছেন তাহামিদ ও শুভ। সংগীত পরিচালনা করেছেন কাউসার খান। আর মিউজিক ভিডিওগুলোর নির্মাণের দায়িত্বে রয়েছেন সংগীতশিল্পী শুভ নিজেই।
চারটি মিউজিক ভিডিওর মধ্যে তিনটি খুব শিগগিরই প্রকাশের পরিকল্পনা রয়েছে। টিয়া আই অরিজিনালস ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও প্রচার করা হবে বলে জানানো হয়েছে।
নতুন এই মিউজিক ভিডিওগুলো প্রকাশের অপেক্ষায় রয়েছেন শিল্পী ও মডেল। এখন দেখার বিষয়, শুভ ও বৃষ্টি আক্তারের এই নতুন জুটি দর্শক-শ্রোতাদের কতটা মুগ্ধ করতে পারে।
বিভি/জোহা













মন্তব্য করুন: