এবার ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি
ফাইল ছবি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে আদালতে হাজির হননি পরীমণি। তার পক্ষে আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। একই সঙ্গে পরীমণির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
পরোয়ানা জারির পরদিন বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরীমণি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালত চত্বরে পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লেখেন, ‘গু খা’।
এর আগে গ্রেফতারি পরোয়ানা জারির পর সংবাদমাধ্যমকে পরীমণি বলেছিলেন, বৃহস্পতিবার আদালতে যাবেন। মামলাকে কেন্দ্র করে তাকে হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী। তার দাবি, মামলার তদন্ত সঠিকভাবে হচ্ছে না।
২০২২ সালের ৬ জুলাই সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অন্য দুই আসামি হলেন পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিম ওরফে জিম।
মামলার এজাহারে নাসির উদ্দিন অভিযোগ করেন, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে পরীমণি ও তার সহযোগীদের সঙ্গে তার বিরোধ হয়। একপর্যায়ে তাকে মারধর, ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: