• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

সাংবাদিকের সঙ্গে অসদাচরণ, পরীমনিকে আইনি নোটিশ

প্রকাশিত: ১৫:৪৭, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাংবাদিকের সঙ্গে অসদাচরণ, পরীমনিকে আইনি নোটিশ

সাংবাদিকের সঙ্গে অসদাচরণ, হুমকি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে তাকে।

রবিবার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই আইনি নোটিশ পাঠান। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

নোটিশে পরীমনিকে ভবিষ্যতে অশালীন বক্তব্য, হুমকি, অশালীন অভিনয় ও অঙ্গভঙ্গি এবং শৈল্পিক বা শিক্ষামূলক মূল্যহীন নগ্ন কিংবা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সাত দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তী সময়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া ও মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে আইনি নোটিশ পাঠানো হয়েছে।


 

বিভি/জোহা

মন্তব্য করুন: