• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আদালতে হাজির না হওয়ায় বিপাকে তানজিন তিশা!

প্রকাশিত: ১৪:৫২, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আদালতে হাজির না হওয়ায় বিপাকে তানজিন তিশা!

মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন বাদীপক্ষের আইনজীবী। শাড়ি নিয়ে প্রতারণার মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হয়। তবে আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায় জানান, মামলার ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও তানজিন তিশা আদালতে হাজির হননি। এ ছাড়া মামলা দায়েরের পরও বাদীর বিরুদ্ধে ফেসবুকে কটূক্তি অব্যাহত রেখেছেন বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।

শুভ্র সিনহা রায় গণমাধ্যমকে বলেন, ‘আজ বিবাদীর আদালতে হাজির হওয়ার দিন ছিল। এই মামলায় বিবাদীপক্ষ আদালত থেকে নোটিশ গ্রহণ করেছেন। কিন্তু তিনি আদালতে আসেননি। এজন্য আমরা গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করি।’

তিনি আরও জানান, বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আগামী ১৪ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছেন। এদিন মামলার বাদী ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়া চৌধুরী। অভিযোগে বলা হয়, একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন অভিনেত্রী। তবে সেটি আর ফেরত দেননি।

তদন্ত শেষে গত ২৫ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) অভিযোগের সত্যতা না পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। এর বিরুদ্ধে বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

এরপর গত ২৬ অক্টোবর মামলা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে আরেকটি মামলা করেন সানায়া। ওই মামলাতেই এবার গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত