• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

‘রইদ’ এর জন্য আন্তর্জাতিক উৎসবে অ্যাওয়ার্ড জিতলেন তুষি

প্রকাশিত: ১৪:২০, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘রইদ’ এর জন্য আন্তর্জাতিক উৎসবে অ্যাওয়ার্ড জিতলেন তুষি

বাংলাদেশের চলচ্চিত্রের ঝুলিতে যুক্ত হলো আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বাংলাদেশের অভিনেত্রী নাজিফা তুষি। ‘রইদ’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ‘স্নো লেপার্ড অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই এ সুখবর জানিয়েছেন তুষি। আন্তর্জাতিক এই সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি পুরস্কারটিকে নিজের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বলে উল্লেখ করেন তিনি।

অভিনেত্রী জানান, উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘রইদ’ নির্বাচিত হওয়ার পর থেকেই সিনেমার পুরো দলের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস কাজ করছিল। এশিয়ার সেরা ও মৌলিক গল্পগুলো হলিউডের মঞ্চে বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরার আয়োজনটি তাদের জন্য ছিল বিশেষ অভিজ্ঞতা। সেখানে অংশ নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগও পেয়েছেন তারা।

এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তুষি। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সব সময় তারা তার সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে ছিলেন। ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থনের কথাও বিশেষভাবে স্মরণ করেছেন অভিনেত্রী।

পুরস্কারটিকে শুধু নিজের ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না তুষি। তার মতে, এই সম্মাননা ‘রইদ’ চলচ্চিত্রের পুরো টিম, কলাকুশলী এবং সিনেমাটি নির্মাণ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত সবার।

পোস্টের শেষে ‘আলহামদুলিল্লাহ’ লিখে সংশ্লিষ্ট সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানান নাজিফা তুষি।

বিভি/এজেড

মন্তব্য করুন: