এপস্টিন ফাইলের উদাহরণ টেনে বিস্ফোরক মন্তব্য বাহুবলী’র রাজমাতার
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রম্যা কৃষ্ণন
বিনোদনজগতে কাস্টিং কাউচ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে সরব হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রম্যা কৃষ্ণন। তার মতে, চলচ্চিত্রশিল্পে যৌন হয়রানি ও শোষণের ঘটনা অস্বীকার করার সুযোগ নেই। শুধু নারী নয়, পুরুষেরাও এমন পরিস্থিতির শিকার হচ্ছেন। বিষয়টি এখন আর বিনোদনজগতের মধ্যে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে অন্যান্য পেশাতেও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেন ‘বাহুবলী’ সিনেমায় রাজমাতার চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী।
রম্যা কৃষ্ণনের ভাষ্য, কাস্টিং কাউচের মধ্যে শুধু কুপ্রস্তাব নয়, যৌন হয়রানি ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের মতো ঘটনাও রয়েছে। জোর করে, স্বেচ্ছায় কিংবা পরিস্থিতির চাপে—বিভিন্নভাবে এসব ঘটনা ঘটছে। তার মতে, বিনোদনজগতের চাকচিক্যের কারণে এ ধরনের ঘটনা নিয়ে বেশি আলোচনা হলেও চলচ্চিত্রের বাইরেও বহু নারী একই পরিস্থিতির মুখোমুখি হন।
অভিনেত্রী বলেন, ‘জোর করে হোক, নিজের ইচ্ছায় হোক কিংবা পরিস্থিতির চাপে, এসব ঘটেই চলেছে। কেউ তা অস্বীকার করতে পারবেন না। আমাদের পেশা যেহেতু ঝলমলে, তাই এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হয়। অথচ চলচ্চিত্রজগতের বাইরেও কত নারী এমন পরিস্থিতির মুখোমুখি হন! সব জায়গাতেই এই সমস্যা রয়েছে। এখানে অবশ্য নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই।’
নিজের বক্তব্যের পক্ষে যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রসঙ্গও তুলে ধরেন রম্যা। তিনি বলেন, ‘এপস্টিনের ঘটনাগুলোর দিকে তাকান। আমেরিকার মতো দেশেও এমন ঘটনা ঘটেছে, যেখানে নারীরা অনেক বেশি স্বাধীন। তা সত্ত্বেও তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাই এখানে এমন কিছু ঘটে না, এ কথা বলা যায় না। অতীতেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে।’
এদিকে একই সাক্ষাৎকারে নিজের দাম্পত্যজীবন নিয়েও কথা বলেছেন রম্যা কৃষ্ণন। পরিচালক কৃষ্ণ বংশীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে—দীর্ঘদিন ধরে এমন গুঞ্জন চলছিল। তবে সেই জল্পনা নাকচ করে অভিনেত্রী জানিয়েছেন, তাদের বিচ্ছেদ হয়নি। পেশাগত কারণেই তারা আলাদা শহরে বসবাস করছেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: