• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মাতাল অবস্থায় নাসিরুদ্দিন শাহকে বিরক্ত করেছিলেন মনোজ বাজপেয়ী!

প্রকাশিত: ১৬:৪৮, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাতাল অবস্থায় নাসিরুদ্দিন শাহকে বিরক্ত করেছিলেন মনোজ বাজপেয়ী!

বলিউডের শক্তিমান অভিনেতা মনোজ বাজপেয়ী। অভিনয়ের দক্ষতায় দর্শকদের মুগ্ধ করলেও ক্যারিয়ারের শুরুর দিকে এক বিব্রতকর ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। মদ্যপ অবস্থায় কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহকে এমনভাবে বিরক্ত করেছিলেন, যে কারণে তাঁকে প্রায় মার খেতে হয়েছিল!

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই মজার স্মৃতি সামনে এনেছেন মনোজ বাজপেয়ী।

ঘটনাটি ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ব্যান্ডিট কুইন’ সিনেমার শুটিং শেষ হওয়ার পরের। সিনেমাটির পরিচালক শেখর কাপুর আয়োজন করেছিলেন সমাপনী পার্টির। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন শাহ। মজার বিষয় হলো, সিনেমাটিতে মান সিং চরিত্রটির জন্য প্রথমে নাসিরুদ্দিন শাহকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিলে চরিত্রটি পান মনোজ বাজপেয়ী।

সেদিনই প্রথম নাসিরুদ্দিন শাহের সঙ্গে দেখা হয় মনোজের। কিন্তু পরিচয়ের শুরুটা মোটেও সুখকর ছিল না। মনোজ জানান, নাসিরুদ্দিন শাহ পার্টিতে পৌঁছানোর আগেই তাঁরা বিনা মূল্যের পানীয় পান করেছিলেন। তিনিও তখন মাতাল ছিলেন।

নাসিরুদ্দিন শাহ তখন ইংরেজি থিয়েটারে অভিনয় করতেন। বিষয়টি নিয়ে মনোজের ছিল নানা প্রশ্ন। তিনি বারবার নাসিরুদ্দিনের পিছু নিয়ে জিজ্ঞেস করছিলেন, কেন তিনি ইংরেজি থিয়েটারে অভিনয় করেন। একই প্রশ্ন বারবার শুনে বিরক্ত হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা।

মনোজের ভাষ্য অনুযায়ী, নাসিরুদ্দিন শাহ ছিলেন বেশ রাগী স্বভাবের। সেদিন তাঁর বন্ধুরা বারবার তাঁকে বাঁচানোর চেষ্টা করছিলেন। কারণ, পরিস্থিতি এমন হয়েছিল যে নাসিরুদ্দিন শাহ তাঁকে সত্যিই মারতে পারতেন!

এমনকি নাসিরুদ্দিন শাহ তাঁকে এড়িয়ে চলছিলেন এবং কথা বলতে চাইছিলেন না। সেই ঘটনার স্মৃতি এতটাই মনে গেঁথে গিয়েছিল যে পরবর্তী সময়ে মনোজকে দেখেই চিনতে পেরেছিলেন তিনি।

তবে সময়ের সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। পরে ‘দ্রোহকাল’ সিনেমার সেটে আবার দেখা হয় দুজনের। সেদিন মনোজকে দেখে নাসিরুদ্দিন শাহ মজা করে বলেন, ‘ওহে যুবক, আসুন, আসুন।’ এরপর থেকেই তাঁদের মধ্যে পরিচয় ও আন্তরিকতা বাড়তে শুরু করে।

উল্লেখ্য, শেখর কাপুর পরিচালিত ‘ব্যান্ডিট কুইন’ সিনেমাটি ফুলন দেবীর জীবন অবলম্বনে নির্মিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন সীমা বিশ্বাস। সিনেমাটি হিন্দি ভাষার সেরা ফিচার ফিল্ম বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত