ফিনল্যান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
ফিনল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রথম আনুষ্ঠানিক মিলনমেলার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ফিনল্যান্ড (ডিইউএএএফ)। শনিবার (২৬ সেপ্টেম্বর) হেলসিঙ্কির পোহজোইস-হাগা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফিনল্যান্ড মিলনমেলা ২০২৬’ অনুষ্ঠানে বিভিন্ন শহরে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিলনমেলার মূল উদ্দেশ্য ছিল ফিনল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একত্র করা, পারস্পরিক পরিচয় ও যোগাযোগ বাড়ানো, পুরোনো বন্ধুত্বকে নতুন করে জাগিয়ে তোলা এবং ভবিষ্যতে সম্মিলিত কার্যক্রম পরিচালনার ভিত্তি তৈরি করা।
জানা যায়, ফিনল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে গড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন ফিনল্যান্ড। সংগঠনটি ২০২৫ সালে ফিনল্যান্ডে নিবন্ধিত হয়। অ্যাসোসিয়েশনের লক্ষ্য হলো- ফিনল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়, সমাজ ও বাংলাদেশের উন্নয়নে সম্মিলিতভাবে অবদান রাখা।
সংগঠনের বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ড. মো. আবির হাসান খান। সেক্রেটারি ও অর্থবিষয়ক দায়িত্বে রয়েছেন ওয়াহিদুজ্জামান সিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আসাদুজ্জামান।

শনিবারের অনুষ্ঠানে বিকেল ৩টা ১৫ মিনিটে অতিথি অভ্যর্থনা ও স্বাগত পর্বের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর উদ্বোধন ও পারস্পরিক পরিচয়পর্ব, কেক কাটা, খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম, নৈশভোজ ও ডেজার্ট এবং সমাপনী বক্তব্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী ও পুরুষ অংশগ্রহণকারীদের জন্য পৃথকভাবে বিভিন্ন বিনোদনমূলক ও ইন্টারঅ্যাক্টিভ গেমের আয়োজন করা হয়। খেলাধুলার পাশাপাশি ছিল আকর্ষণীয় উপহার, স্মৃতিচারণ ও আড্ডা। দীর্ঘদিন পর পরিচিতদের সঙ্গে দেখা হওয়ায় পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন।
নিবন্ধন তথ্য অনুযায়ী, ফিনল্যান্ডের হেলসিঙ্কি, এসপু, ভান্তা, তাম্পেরে ও জ্যুভাসকিলা শহর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন। বিভিন্ন প্রজন্ম, বয়স ও পেশার অ্যালামনিদের উপস্থিতিতে মিলনমেলায় বৈচিত্র্যময় একটি পরিবেশ তৈরি হয়। অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষা, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সংগঠনের সভাপতি ড. আবির হাসান খানের পাশাপাশি সহযোগিতা করেন ওয়াহিদ সিদ্দিক, নাবিলা জাহান জয়ী, তাহমিনা খানম, আশিফুল ইসলাম, শোয়েব সালমান, এ কে এম ফজলে রাব্বি এবং আসাদুজ্জামান রাজু।
অ্যাসোসিয়েশনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে একটি সুসংগঠিত, জ্ঞানভিত্তিক ও সহযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলা। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অবদান রাখা, যৌথ গবেষণায় সহযোগিতা এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও জ্ঞান বিনিময়ের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ, মেন্টরশিপ ও ক্যারিয়ার গঠনে সহযোগিতা করতে চায় সংগঠনটি। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে ভবিষ্যতে শিক্ষাবৃত্তি এবং প্রয়োজনীয় আর্থিক ও একাডেমিক সহায়তার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।
একই সঙ্গে ফিনল্যান্ড ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, সংস্কৃতি ও পেশাগত সহযোগিতার কার্যকর সেতুবন্ধন তৈরির পরিকল্পনা রয়েছে অ্যাসোসিয়েশনের। প্রবাসী অ্যালামনিদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বৃহত্তর সমাজ এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই অবদান রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: