• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

প্রকাশিত: ২১:৩৮, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৩৮, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

কুয়েতে মৃত্যুবরণকারী আকামাবিহীন বাংলাদেশি কর্মীর মরদেহ বাংলাদেশে পাঠানোর নামে চাঁদা সংগ্রহ থেকে বিরত থাকতে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানিয়েছে দূতাবাস।

ওই বিজ্ঞপ্তিতে যোগ করা হয়, ‘এ বিষয়ে দূতাবাস কর্তৃক ইতোপূর্বে জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুয়েতের শ্রম আইন অনুযায়ী কুয়েতের ১৮ নং ভিসায় কর্মরত কোনো প্রবাসী বাংলাদেশিকর্মী মৃত্যুবরণ করলে তার মরদেহ বাংলাদেশে প্রেরণের খরচ সংশ্লিষ্ট কোম্পানি/প্রতিষ্ঠান কর্তৃক বহন করার বিধান রয়েছে। একইভাবে, ২০ নং ভিসায় ব্যক্তিগত কাফিলের অধীনে কর্মরত কোনও বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করলে তার মরদেহ বাংলাদেশে প্রেরণের খরচ সংশ্লিষ্ট কাফিল কর্তৃক বহন করার বিধান রয়েছে। পক্ষান্তরে, কোনও বাংলাদেশী কর্মীর কাফিল বা নিয়োগকর্তা না থাকলে, অর্থাৎ তিনি আকামাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করলে, তার মরদেহ বাংলাদেশ দূতাবাস, কুয়েতের আর্থিক সহায়তায় বাংলাদেশে প্রেরণ করা হয়।’

এক্ষেত্রে চাঁদা না তুলতে সংশ্লিষ্টদের সতর্ক করে বলা হয়, ‘উপরোক্ত আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশির মরদেহ বাংলাদেশে প্রেরণের নামে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে চাঁদা তোলা, অর্থ সংগ্রহ অথবা এ ধরনের কার্যক্রমে জড়িত না হওয়ার জন্য কুয়েত প্রবাসী সকল বাংলাদেশীকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এ ধরনের অর্থ সংগ্রহের কার্যক্রমে সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ ধরণের আহ্বানে বিভ্রান্ত না হওয়ার জন্যও সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কোনো আকামাবিহীন বাংলাদেশিকর্মী কুয়েতে মৃত্যুবরণ করলে তার মরদেহ বাংলাদেশে প্রেরণের জন্য চাঁদা সংগ্রহ না করে বাংলাদেশ দূতাবাস, কুয়েতের সঙ্গে সরাসরি যোগাযোগ করে লিখিতভাবে আবেদন করার জন্য সংশ্লিষ্ট পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো যাচ্ছে।’

বিভি/টিটি

মন্তব্য করুন: