• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সৌদিতে বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা দিলো দূতাবাস

প্রকাশিত: ২০:২৫, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সৌদিতে বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা দিলো দূতাবাস

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেশটির স্থানীয় আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে আইন, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার পরিপন্থী যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে প্রবাসীদের সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় দূতাবাস। এতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের দায়িত্বশীল ও সচেতন আচরণ করার পাশাপাশি দেশটির প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ছবি ও ভিডিও ধারণের বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। সংরক্ষিত এলাকা বা স্থাপনা, স্পর্শকাতর ও সংবেদনশীল কোনো ঘটনা বা বিষয়বস্তুর ছবি তোলা এবং ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া কোনো ধরনের ছবি বা ভিডিও না তোলার পরামর্শও দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে দূতাবাস। ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন মাধ্যমে সৌদি আরবের স্থানীয় আইন, জননিরাপত্তা ও জনশৃঙ্খলার পরিপন্থী কোনো কনটেন্ট প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান না করতে বলা হয়েছে। এমন কনটেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।

এ ছাড়া রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও ডিপ্লোমেটিক কোয়ার্টার এলাকায় চলাচলের ক্ষেত্রেও প্রবাসীদের নির্দিষ্ট নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সেবা গ্রহণের প্রয়োজন ছাড়া দূতাবাসের ভেতরে, বাইরে বা আশপাশে অযথা অবস্থান কিংবা ঘোরাফেরা না করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে অনুমতি ছাড়া এসব এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সৌদি আরবের প্রচলিত আইনে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেশটির আইন সম্পর্কে সচেতন থাকা এবং তা যথাযথভাবে অনুসরণ করার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য স্থানীয় আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রবাসীদের দায়িত্বশীল আচরণ সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতেও ভূমিকা রাখবে।

সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে তাই দূতাবাসের নির্দেশনা মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ছবি-ভিডিও ধারণ এবং সংবেদনশীল স্থান ও বিষয় ঘিরে যেকোনো কর্মকাণ্ডে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত