বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ আরও ৫০ জনের
সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় আরও ৫০ জন আবেদনকারীকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রথম ধাপে নির্বাচিত ৩০০ জনের মধ্যে কয়েকজন সাক্ষাৎকারে উপস্থিত না হওয়ায় নতুন করে এই সুযোগ দেওয়া হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বোয়েসেলের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে নির্বাচিত ৩০০ জনের তালিকার বাইরে থাকা আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন ৫০ জনকে বাছাই করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের আওতায় নির্বাচিত কর্মীরা দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন।
বোয়েসেল সূত্রে জানা গেছে, এই নিয়োগের জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে স্বয়ংক্রিয় অনলাইন পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রথম পর্যায়ে ৩০০ জনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচন করা হয়।
তবে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত সাক্ষাৎকারে নির্বাচিত কয়েকজন প্রার্থী অনুপস্থিত ছিলেন। এতে কিছু পদে প্রার্থীসংকট তৈরি হওয়ায় অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোয়েসেল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বোয়েসেলের অফিসিয়াল ফেসবুক পেজে পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে। এ সময় লাইভ সম্প্রচার দেখার জন্য আবেদনকারীদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
কোন পদে চাকরির সুযোগ?
মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে মোট ১১২ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে কাজ করতে হবে।
প্রার্থীদের চূড়ান্তভাবে বাছাই করতে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। দলটি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।
বোয়েসেল জানিয়েছে, এই নিয়োগে নির্বাচিত কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ দিতে হবে না। কর্মী নিয়োগ থেকে শুরু করে বিদেশে পাঠানো পর্যন্ত যাবতীয় খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান।
বিভি/টিটি













মন্তব্য করুন: