নিউইয়র্কের মাটিতে বাংলাদেশি মালিকানাধীন গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশক
সেবার মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর গৌরবময় এক দশক পার করেছে নিউইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন হোম কেয়ার এজেন্সি গোল্ডেন এজ হোমকেয়ার। বিশেষ করে প্রবীণ, অসুস্থ মানুষের সেবায় কমিউনিটির আস্থার নাম হয়ে উঠেছে ২০১৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি।
দীর্ঘ এ পথ চলায় পাশে থাকা সবাইকে নিয়ে গত ৮ অক্টোবর লাগার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে প্রতিষ্ঠানটির দশম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন করা। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেন।
অনুষ্ঠানে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশকের কার্যক্রম, সাফল্য, সেবার পরিধি এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটি সিইও ও প্রেসিডেন্ট শাহ নেওয়াজ।

শাহ নেওয়াজ বলেন, ‘দশ বছর একটি প্রতিষ্ঠানের জন্য শুধু সময়ের হিসাব নয়, এটি মানুষের আস্থা অর্জনের একটি দীর্ঘ যাত্রা। শুরু থেকেই সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন। সেই লক্ষ্যকে স্থির রেখে আমরা এগিয়ে চলেছি। ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শুধু তাই নয় আমরা আমাদের আয়ের একটি অংশ কমিউনিটির বিভিন্ন কল্যাণেও ব্যয় করছি।
তিনি বলেন, আমাদের প্রতিটি কর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সম্মিলিত আস্থার ফল এই দশ বছরের পথচলা। প্রতিদিন যাঁরা মানুষের বাড়িতে গিয়ে সেবা দিয়ে আসছেন, তাঁরাই গোল্ডেন এজ হোমকেয়ারের প্রকৃত শক্তি।
প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট রানু আমেনা নেওয়াজ সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের প্রতিষ্ঠানে যারা কাজ করেন এবং যারা আমাদের কাছ থেকে সেবা নেন প্রত্যেকেই আমাদের পরিবারের মত। পরিবারের সদস্যদের মতোই সবার পাশে থাকতে চাই।

প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রন্টি দাস, কবির বকুল, প্রীতম হাসান, শাহ মাহবুব, রানু নেওয়াজ, বাদশা বুলবুল, অনিক রাজ ও রিজিয়া পারভীনসহ আরও অনেকে। শিল্পীদের সংগীত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উপস্থিত অতিথিরা উপভোগ করেন তাদের পরিবেশনা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও কমিউনিটি নেতৃবৃন্দ ফুল দিয়ে গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট রানু নেওয়াজ তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানান। তাদের এই ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিষ্ঠানের এক দশকের পথচলার প্রতি কমিউনিটির সমর্থন ও সম্পৃক্ততার প্রতিফলন হিসেবে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বুলবুল হাসান। অনুষ্ঠানটির শব্দ ও সাউন্ড ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সাউন্ড গিয়ার ও স্যাম। সংগীত, শুভেচ্ছা বিনিময় এবং অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোল্ডেন এজ হোমকেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পরিণত হয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির এক আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও কামরুল, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ফখরুল ইসলাম দেলোয়ারসহ নেতৃবৃন্দ, রিয়েলটর নুরুল আজিম, কমিউনিটি একটিভিস্ট ফখরুল আলম, জে মোল্লা সানি প্রমুখ।
গোল্ডেন এজ হোমকেয়ার নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথের তালিকাভুক্ত লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। হোম হেলথ এইড, পার্সোনাল কেয়ার এবং নার্সিং সেবা প্রদানের অনুমোদন রয়েছে প্রতিষ্ঠানটির। ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে এর সেবার পরিধি বিস্তৃত।
বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসী কমিউনিটির ভাষাগত ও সাংস্কৃতিক চাহিদাকে গুরুত্ব দেওয়া প্রতিষ্ঠানটির কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য। বিশেষ করে অনেক প্রবীণ অভিবাসী ইংরেজি ভাষায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাঁদের জন্য মাতৃভাষায় যোগাযোগের সুযোগ এবং পরিচিত সাংস্কৃতিক পরিবেশে সেবা গ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোল্ডেন এজ হোমকেয়ারের সেবাদাতাদের মধ্যে বাংলা, হিন্দিসহ একাধিক ভাষায় যোগাযোগের সুবিধা রয়েছে। গোল্ডেন এজ হোম কেয়ার ছাড়াও শাহনেওয়াজ গ্রুপের অধীনে এক ডজনের বেশি প্রতিষ্ঠান রয়েছে।
বিভি/এনএম/এজেড













মন্তব্য করুন: