জামায়াত আমিরের এক্স পোস্ট ইস্যুতে ডাকসু নেত্রী জুমার নামে ভুয়া মন্তব্য প্রচার
কর্মজীবী নারীদের অবমাননা করে গত ৩১ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সৃষ্টি হয় বিতর্ক ও উত্তেজনা। তবে জামায়াত দাবি করে, অ্যাকাউন্টটি হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘জামায়াতের আমীর সাহেব কর্মজীবী নারীদের পতিতা বলেছেন। তিনি তো আর ছাত্রীদের নিয়ে কিছু বলেননি। তাহলে ছাত্রীদের কেন এসবের মধ্যে টেনে আনা হচ্ছে? আমাদের কাজ পড়াশোনা করা, ফালতু বিতর্কে সময় নষ্ট করা নয়! – তাসনিম জুমা (ডাকসু নেত্রী)’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের অবমাননাকর পোস্ট প্রসঙ্গে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্য ও ছবিকে আসল দাবি হিসেবে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Gorom TV’ নামক একটি লোগো পাওয়া যায়। এই সূত্র ধরে ‘Gorom TV’ নামের ফেসবুক পেজে গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত এ-সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।
‘Gorom TV’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এটি ব্যঙ্গ ও বিনোদনের উদ্দেশ্যে পরিচালিত একটি পেজ। এটি কোনো বাস্তব বা প্রকৃত সংবাদমাধ্যম নয়।
তাছাড়া, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা তার ফেসবুক প্রোফাইলে গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্টে উল্লেখ করেন যে তাকে উদ্ধৃত করে তৈরি আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং তিনি এমন কোনো মন্তব্য করেননি।
সুতরাং, জামায়াতের আমীরের এক্স পোস্ট ইস্যুতে ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমার মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: