বরফের রাজ্যে একা ৫০ ঘণ্টা! ছোট্ট ‘লুলুর’ অবিশ্বাস্য বেঁচে ফেরা
মৃত্যুর মুখে একা ৫০ ঘণ্টা! চারদিকে বরফ, হাড়কাঁপানো ঠান্ডা, তার ওপর তুষারধসের ভয়। উদ্ধারের কোনো নিশ্চয়তা, খাবার কিংবা আশ্রয় কিছুই নেই। এমন ভয়ংকর পরিস্থিতিতেও হার মানেনি পাঁচ বছরের ছোট্ট একটি কুকুর।
আলাস্কার চুগেচ স্টেট পার্কের দুর্গম তুষারাবৃত এলাকায় দুই পর্বতারোহীর সঙ্গী ছিল কুকুরটি। হঠাৎ তুষারধসে গুরুতর আহত হন পর্বতারোহীরা। তাদের উদ্ধার করা সম্ভব হলেও বরফের বিশাল প্রান্তরে হারিয়ে যায় প্রাণীটি। শুরু হয় তাকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা।
কুকুরটির মালিক লরেন প্যাডাওয়ার ছিলেন বিদেশে। তিনি আদর করে প্রাণীটিকে লুলু বলে ডাকতেন। দুর্ঘটনার খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন জানালে উদ্ধার অভিযানে যোগ দেন ২০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক। হেলিকপ্টার, ড্রোন ও প্রশিক্ষিত কুকুর নিয়ে শুরু হয় তল্লাশি।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর হেলিকপ্টার থেকে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা কুকুরটিকে দেখতে পান উদ্ধারকারীরা। তার গলায় থাকা অ্যাপল এয়ারট্যাগও খোঁজ পেতে সাহায্য করে। তবে যন্ত্রের দেখানো অবস্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পাওয়া যায় তাকে। এরপর যুক্তরাষ্ট্রের আলাস্কার সেই বরফঢাকা প্রান্তরে টানা দুই দিনেরও বেশি সময় কাটিয়ে অবশেষে জীবিত উদ্ধার করা হয় ছোট্ট লুলুকে।
প্রতিকূল প্রকৃতির সঙ্গে টানা ৫০ ঘণ্টারও বেশি সময় লড়াই করে লুলুর বেঁচে ফেরার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। নেটিজেনরা বলছেন, দুর্গম বরফের রাজ্যে ছোট্ট প্রাণীটি এভাবে ফিরে আসা যেন স্বস্তি আর বিস্ময়ের এক অনন্য গল্প।
বিভি/এজেড













মন্তব্য করুন: