দুর্গম পাহাড়ে একসঙ্গে তিন তুষার চিতাবাঘ! বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়
পাহাড়ি পাথরের ওপর পাশাপাশি শুয়ে আছে তিনটি তুষারচিতাবাঘ। নেই কোনো তাড়াহুড়া, নেই আক্রমণাত্মক ভঙ্গি—বেশ স্বাভাবিকভাবেই বিশ্রাম নিচ্ছে তারা।
চীনের ছিংহাই প্রদেশের ছিংহাই লেক জাতীয় উদ্যানের সম্ভাব্য সংরক্ষিত এলাকায় এমন বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন পরিবেশ সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবীরা।
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের বুহা নদী অববাহিকায় দেখা মেলে তুষারচিতাবাঘ তিনটির। পাথরের ওপর তাদের পাশাপাশি নিশ্চিন্তে শুয়ে থাকার দৃশ্যটি ধারণের পর তা সামনে আসে। বন্যপ্রাণী পর্যবেক্ষকদের কাছে এমন দৃশ্য গুরুত্বপূর্ণ, কারণ তুষারচিতাবাঘ সাধারণত দুর্গম পাহাড়ি এলাকায় বিচরণ করে এবং তাদের দেখা পাওয়া বেশ কঠিন।
আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) লাল তালিকায় তুষারচিতাবাঘকে ‘বিপন্নতার ঝুঁকিতে’ থাকা প্রজাতি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। চীনে প্রাণীটি সর্বোচ্চ স্তরের জাতীয় বন্যপ্রাণী সুরক্ষার আওতাভুক্ত।
বিশ্বের মোট তুষারচিতাবাঘের আবাসস্থলের প্রায় ৬০ শতাংশই চীনে অবস্থিত। ফলে দেশটির পাহাড়ি অঞ্চলগুলো এই বিরল প্রাণীর সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিন তুষারচিতাবাঘের একসঙ্গে বিশ্রাম নেওয়ার এই দৃশ্য তাই শুধু বিরল বন্যপ্রাণীর উপস্থিতিই নয়, তাদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের গুরুত্বও সামনে এনেছে।
বিভি/এমএ/এজেড













মন্তব্য করুন: