‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান জামায়াত আমিরের
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে মেধা ও যোগ্যতাকে একমাত্র বিবেচনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। একই সঙ্গে ভেরিফিকেশনের নামে প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে এসে মেধাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড প্রোফাইলের এক পোস্টে জামায়াত আমির বলেন, সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসতে হবে। মেধাকে সম্মান দিতে হবে এবং নিয়োগপ্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাবের কোনো সুযোগ রাখা উচিত নয়।
জামায়াত আমির আরও বলা হয়, ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অনুরূপ কোনো অপকর্মের পুনরাবৃত্তি করা যাবে না। এ ধরনের যেকোনো ‘কূটতৎপরতা’ জনগণ সহ্য করবে না বলেও উল্লেখ করা হয়।
এতে বলা হয়, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ছাড় দিলে বাংলাদেশ ‘মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে’ পরিণত হবে। তাই এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত ধাপ শেষ করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও কিছু প্রার্থী নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়ার স্বচ্ছতা, প্রার্থীদের বাদ দেওয়ার কারণ এবং এর মানদণ্ড প্রকাশের দাবি উঠেছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: