বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার ছাড়ালো
দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মধ্যে সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। মাসের প্রথম ২৫ দিনেই মারা গেছেন ১১৪ জন। এর আগে আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬ এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন। ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ১০৪ জনে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৪ হাজার ৮২৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫৩ জন।
মাসভিত্তিক হিসাবে, সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: