• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

৬ শিল্পাঞ্চলে শ্রমজীবীদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৯:০৯, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:১০, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৬ শিল্পাঞ্চলে শ্রমজীবীদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী

শ্রমজীবীদের সুচিকিৎসার জন্য শিল্পাঞ্চলে ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো স্থাপন করা হবে, যেখানে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে শ্রমজীবী মানুষের জন্য বিশেষ পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে এরইমধ্যে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যাবিশিষ্ট ৬টি ডেডিকেটেড হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী সংসদে বিশদ ব্যাখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে আমরা এই ৬টি জায়গায় ১০০ শয্যার একটি করে হাসপাতাল তৈরি করব। এগুলো শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে। তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য নির্দিষ্ট এই হাসপাতালগুলোর নামকরণ এবং তৈরির প্রক্রিয়াটি বিশেষভাবে শুধু শ্রমিকদের সেবার বিষয়টি মাথায় রেখেই করা হবে।

এর  আগে, গত ৪ নভেম্বর শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সংকট নিরসনে আয়োজিত বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গাজীপুরের টঙ্গীতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রক্রিয়াগত কাজ শুরু হবে। 

বিভি/টিটি

মন্তব্য করুন: