হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৮৪ জনে।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ওই দুজন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দেশে নিশ্চিতভাবে হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪৪০ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৫৪৭ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, সিলেট বিভাগে ২০৫ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, খুলনা বিভাগে ১০৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন এবং রংপুর বিভাগে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন।
বুলেটিনে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। একই সময়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে, যাদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে ২৪ হাজার ৫২৩ জনকে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
বিভি/বিএস/পিএইচ













মন্তব্য করুন: