হামের প্রকোপ বাড়ছেই, একদিনে আরও ৪ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৫৪১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৯৯ জনে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে সর্বোচ্চ দুজন সিলেট বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দেশে নিশ্চিতভাবে হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৪১ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৬৩৮ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৯ জন, সিলেট বিভাগে ২২৯ জন, ময়মনসিংহ বিভাগে ১১৪ জন, বরিশাল বিভাগে ১০৬ জন, খুলনা বিভাগে ৮৪ জন, রংপুর বিভাগে ৫৮ জন এবং রাজশাহী বিভাগে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন।
বুলেটিনে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ২ লাখ ৯ হাজার ২০৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
একই সময়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে, যাদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে ২৪ হাজার ৮৮০ জনকে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
বিভি/বিএস/পিএইচ













মন্তব্য করুন: