নিউমোনিয়ার ভ্যাকসিন মজুত নিয়ে বড় সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
দেশে নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে এবং প্রয়োজনে আরও ভ্যাকসিন আমদানি করার সক্ষমতা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শিশুদের এই রোগ থেকে রক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহসহ সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তায়ও এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী এবং মডারেটর ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিশু অনুষদের ডিন অধ্যাপক আতিয়ার রহমান।
শিশুদের স্বাস্থ্যঝুঁকি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিউমোনিয়াসহ শিশুদের বিভিন্ন রোগের অন্যতম কারণ পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশ। হাসপাতাল পরিদর্শনে গিয়ে এক বিছানায় একাধিক শিশুকে রাখা বা এক শিশুর বুকের দুধ অন্য শিশুকে খাওয়ানোর মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকির দৃশ্য চোখে পড়ে বলে জানান তিনি। মূলত পারিবারিক নানা জটিলতা ও অসচেতনতার কারণেই শিশুরা অনেক সময় প্রয়োজনীয় যত্ন থেকে বঞ্চিত হচ্ছে।
স্বাস্থ্য সুরক্ষা ও ক্যানসার প্রতিরোধ বিষয়ে মন্ত্রী জানান, গ্রামপর্যায়ে মায়েদের স্তন্যপান, শিশুপুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে সম্পৃক্ত করা হবে। স্তন পরীক্ষার জন্য তাদের ছোট আকারের বহনযোগ্য স্ক্রিনিং মেশিনও দেওয়া হবে।
পাশাপাশি শ্রীলঙ্কা ও জার্মানির মতো দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও প্রাথমিক পর্যায়ে স্তন ও জরায়ুমুখ ক্যানসার শনাক্তকরণের উন্নত ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি, যাতে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় এনে সুস্থ হওয়ার সুযোগ বাড়ানো যায়।
বিভি/বিএস/পিএইচ













মন্তব্য করুন: