উদ্বেগ বাড়াচ্ছে হাম; একদিনে প্রাণ গেল ৮ শিশুর, নতুন আক্রান্ত ১৫৭২
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭২ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩১৪ শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০৯ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ১ হাজার ৩১৪ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫৮ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৪১৪ শিশুর মধ্যে। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭২।
এ সময়ে নতুন করে ১ হাজার ২৯২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৯৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯।
এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ রোগী। তাদের মধ্যে ২ লাখ ১২ হাজার ৪০২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
বিভি/ইউএনবি/পিএইচ













মন্তব্য করুন: