ভয়ঙ্কর রূপে ডেঙ্গু: আরও ৮ জনের মৃত্যু
প্রতীকী ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগ নিয়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৭১৪ জন রয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৯১ জনের। এর মধ্যে সর্বোচ্চ ২৪৪ জন মারা গেছেন ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ)।
এ ছাড়া খুলনা বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
বিভি/বিএস/এজেড













মন্তব্য করুন: