একদিনে আক্রান্ত ১১৬৭
হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ২ শিশুর
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১৬৭ শিশু আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও দুই শিশু। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২০১ শিশুর। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ৩০৬ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৮৪ শিশুর মধ্যে। সব মিলিয়ে এক দিনে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬৭ শিশু।
এ সময়ে নতুন করে ১ হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯০২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ১১১ জন।
এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ২ লাখ ২০ হাজার ২৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ১১ হাজার ৩০৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বিভি/ইউএনবি/পিএইচ













মন্তব্য করুন: