• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অল্প বয়সেও স্ট্রোকের ঝুঁকি, একটু অবহেলা ডেকে আনতে পারে বড় বিপদ!

প্রকাশিত: ১১:১৮, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:২০, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অল্প বয়সেও স্ট্রোকের ঝুঁকি, একটু অবহেলা ডেকে আনতে পারে বড় বিপদ!

ছবি: এআই

স্ট্রোক শুধু বয়স্কদের রোগ নয়। তরুণ ও কর্মক্ষম বয়সের মানুষেরও স্ট্রোক হতে পারে। বিশেষ করে ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে এ রোগে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, ধূমপান, মানসিক চাপ ও অনিয়ন্ত্রিত জীবনযাপন তরুণদের স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলছে। হঠাৎ শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া কিংবা দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দিলে তা অবহেলা করা বিপজ্জনক। চিকিৎসকদের মতে, এমন লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। কারণ স্ট্রোকের চিকিৎসায় প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

স্ট্রোক কী এবং কেন হয়?

মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের জন্য নিয়মিত অক্সিজেন ও পুষ্টি প্রয়োজন, যা রক্তের মাধ্যমে পৌঁছায়। মস্তিষ্কে রক্ত সরবরাহকারী কোনো রক্তনালি বন্ধ হয়ে গেলে অথবা ফেটে রক্তক্ষরণ হলে রক্তপ্রবাহ ব্যাহত হয়। এ অবস্থাকে স্ট্রোক বলা হয়। রক্ত সরবরাহ বন্ধ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এর ফলে দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি, হাঁটাচলা ও শরীরের স্বাভাবিক নড়াচড়ার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। গুরুতর ক্ষেত্রে স্থায়ী শারীরিক অক্ষমতাও দেখা দিতে পারে।

স্ট্রোক মূলত দুই ধরনের। রক্তনালিতে রক্ত জমাট বেঁধে রক্তপ্রবাহ বন্ধ হলে তাকে ইস্কেমিক স্ট্রোক বলে। অন্যদিকে, মস্তিষ্কের রক্তনালি ফেটে রক্তক্ষরণ হলে তাকে হেমোরেজিক স্ট্রোক বলা হয়।

স্ট্রোকের লক্ষণ

শরীরের একপাশে হঠাৎ দুর্বলতা বা অসাড়তা, মুখ একদিকে বেঁকে যাওয়া, কথা বলতে অসুবিধা বা কথা জড়িয়ে যাওয়া, হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়া, হাঁটাচলায় সমস্যা এবং শরীরের ভারসাম্য হারানো স্ট্রোকের গুরুত্বপূর্ণ লক্ষণ। এসব লক্ষণ কয়েক মিনিটের মধ্যে সেরে গেলেও অবহেলা করা উচিত নয়। দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

স্ট্রোক শনাক্তে ‘বি-ফাস্ট’ পদ্ধতি

স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করতে চিকিৎসকেরা ‘বি-ফাস্ট’ (BE FAST) পদ্ধতির কথা বলেন। এর প্রতিটি অক্ষর একটি লক্ষণ বা করণীয় নির্দেশ করে।

বি (ব্যালান্স): হঠাৎ শরীরের ভারসাম্য হারানো।

ই (আই): এক বা দুই চোখে হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়া।

এফ (ফেস): মুখ একদিকে বেঁকে যাওয়া।

এ (আর্ম): শরীরের একপাশের হাত বা পায়ে দুর্বলতা কিংবা অসাড়তা।

এস (স্পিচ): কথা জড়িয়ে যাওয়া বা কথা বুঝতে অসুবিধা।

টি (টাইম): এসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া।

তরুণদের মধ্যে বাড়ছে স্ট্রোকের ঘটনা

ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের গ্লোবাল স্ট্রোক ইনফরমেশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, বিশ্বব্যাপী নতুন করে শনাক্ত হওয়া স্ট্রোকের প্রায় ১৫ শতাংশ রোগীর বয়স ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে।

বিশেষজ্ঞদের উদ্ধৃত গবেষণার তথ্য অনুযায়ী, ১৯৯০ থেকে ২০২১ সালের মধ্যে ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার নতুন ঘটনা প্রায় ৩৬ শতাংশ বেড়েছে। অর্থাৎ, ১৯৯০ সালে এ বয়সসীমায় ১০০টি নতুন আক্রান্তের ঘটনা থাকলে ২০২১ সালে তা বেড়ে ১৩৬টিতে দাঁড়িয়েছে।

কেন বাড়ছে ঝুঁকি?

বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, স্থূলতা, হৃদরোগ ও ধূমপান স্ট্রোকের অন্যতম ঝুঁকির কারণ। এ ছাড়া রক্ত জমাট বাঁধার সমস্যা, রক্তনালির জটিলতা, কিছু জিনগত রোগ এবং গর্ভাবস্থা ও প্রসব-পরবর্তী সময়েও নারীদের স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ, মাদক সেবন, অপর্যাপ্ত ঘুম, দীর্ঘস্থায়ী মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রমের অভাবও ঝুঁকি বাড়ায়। দীর্ঘ সময় বসে কাজ করা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও ওজন বেড়ে যাওয়ার কারণে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো সমস্যা তৈরি হতে পারে।

ঝুঁকি কমাতে করণীয়

স্ট্রোকের ঝুঁকি কমাতে নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করা জরুরি। পাশাপাশি ধূমপান এড়িয়ে চলা, সুষম খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম, শরীরের ওজন নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা নিয়ন্ত্রণে রাখতে হবে।

চিকিৎসায় সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ

চিকিৎসকদের মতে, স্ট্রোকের চিকিৎসায় প্রথম সাড়ে চার ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে উপযুক্ত রোগীকে রক্ত জমাট বাঁধা দূর করার ওষুধ দেওয়া যেতে পারে। এতে মস্তিষ্কের ক্ষতি কমানো এবং সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়তে পারে।

তবে সাড়ে চার ঘণ্টা পার হয়ে গেলেও চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকা যাবে না। স্ট্রোকের ধরন, লক্ষণ দেখা দেওয়ার সময় ও পরীক্ষার ফল অনুযায়ী পরবর্তী সময়েও কার্যকর চিকিৎসার সুযোগ থাকতে পারে। তাই বয়স কম বলে স্ট্রোকের ঝুঁকি উপেক্ষা করা যাবে না। হঠাৎ কোনো লক্ষণ দেখা দিলে নিজে থেকে সুস্থ হওয়ার অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে নেওয়াই জীবন বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত