• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে টাঙ্গাইলে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডেঙ্গু প্রতিরোধে টাঙ্গাইলে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইল জেলায় গত ১৫ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) জেলা সদরসহ ১২টি উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী এ সময়ে মোট ১০ হাজার ৮৯টি পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব কার্যক্রমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণসহ মোট ৪ লাখ ৭ হাজার ৪৭০ জন অংশগ্রহণ করেন।

অভিযানের আওতায় ড্রেন-নালা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ, ডেঙ্গুর হটস্পট নিরসন, গৃহস্থালি ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং জনসচেতনতামূলক সভা ও কমিউনিটি মিটিংয়ের আয়োজন করা হয়। বিশেষভাবে জেলার বিভিন্ন উপজেলার ৯ হাজার ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধ কেবল প্রশাসনের একক দায়িত্ব নয়; এটি একটি সম্মিলিত সামাজিক উদ্যোগ। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত টাঙ্গাইল গড়ে তুলতে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিভি/টাঙ্গাইল/পিএইচ

মন্তব্য করুন: