• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ডেঙ্গু সংক্রমণ বাড়ছেই: একদিনে ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৬৭৪

প্রকাশিত: ১৯:৪৮, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডেঙ্গু সংক্রমণ বাড়ছেই: একদিনে ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৬৭৪

প্রতিকী ছবি

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭১ হাজার।

শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৪৪ জন, চট্টগ্রামে ২৫৫ জন, খুলনায় ২২৭ জন, রাজশাহীতে ১৪৬ জন, বরিশালে ১৪৫ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন রয়েছেন। এ সময়ে সিলেট বিভাগে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৫৭৪ জন।

মাসভিত্তিক মৃত্যুর হিসাবে, চলতি নভেম্বরের প্রথম ২০ দিনে ডেঙ্গুতে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা গেছেন।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন: