ডেঙ্গুর ভয়াবহতাও বাড়ছে; একদিনে ২ প্রাণহানি, নতুন আক্রান্ত ১৫১৯
প্রতিকী ছবি (বাসস)
হামে আক্রান্ত ও মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৮ জনে। রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত এক দিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৭৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ১৭৪ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ২৬১ জন।
এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: