• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

যুদ্ধকবলিত দেশে ভয়াবহ ইবোলা ভাইরাস, মহামারি কী সারাবিশ্বে ছড়াবে? 

প্রকাশিত: ২১:০৮, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যুদ্ধকবলিত দেশে ভয়াবহ ইবোলা ভাইরাস, মহামারি কী সারাবিশ্বে ছড়াবে? 

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ভয়াবহ আকার ধারণ করেছে ইবোলা মহামারি। দীর্ঘদিনের সংঘাত, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং স্থানীয় মানুষের অবিশ্বাস—সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরই মধ্যে ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত এবং ৫ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের প্রায় অর্ধেকই মারা গেছেন।

গত ১২ নভেম্বর মেডিসিনস সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) জানায়, আগের এক মাসে ইবোলায় মারা যাওয়া ব্যক্তিদের প্রায় দুই-তৃতীয়াংশের মৃত্যু হয়েছে চিকিৎসাকেন্দ্রের বাইরে, নিজেদের বাড়িতে বা কমিউনিটিতে। ফলে সংক্রমণ শনাক্ত ও আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার যে নজরদারি ব্যবস্থা, তা কার্যত বড় অংশের সংক্রমণ শনাক্ত করতে পারছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, কঙ্গোর বর্তমান প্রাদুর্ভাব দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ও প্রাণঘাতী ইবোলা মহামারি। বিশ্বে এর চেয়ে ভয়াবহ ছিল ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার প্রাদুর্ভাব, যাতে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী বিরল ‘বান্দিবুগিও’ ভাইরাস। ইবোলার অন্যান্য কিছু ধরনের জন্য অনুমোদিত টিকা ও চিকিৎসা থাকলেও এই ভাইরাসের বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই। এদিকে, জাইরে ইবোলা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত ‘এরভেবো’ টিকা দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি বান্দিবুগিও ভাইরাসের জন্য আলাদা টিকা তৈরির চেষ্টা চলছে।

গত মে মাসে ইতুরি প্রদেশে প্রথম প্রাদুর্ভাব শনাক্ত হয়। তবে বিশেষজ্ঞদের ধারণা, ফেব্রুয়ারি থেকেই সেখানে ভাইরাসটির সংক্রমণ চলছিল। পরে তা ছড়িয়ে পড়ে কঙ্গোর ২৬টি প্রদেশের আটটিতে। উগান্ডা, কেনিয়া ও নাইজেরিয়াতেও সংক্রমণ শনাক্ত হয়েছে। আফ্রিকা সিডিসির মহাপরিচালক জিন কাসেয়া বলেছেন, ভৌগোলিক বিস্তারের দিক থেকে এটি মহাদেশটির ইতিহাসে সবচেয়ে বিস্তৃত ইবোলা প্রাদুর্ভাব।

যুদ্ধের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণের লড়াই
পূর্ব কঙ্গোর কয়েক দশকের সংঘাত ইবোলা মোকাবিলাকে আরও কঠিন করে তুলেছে। গত ৬ নভেম্বর উত্তর কিভু প্রদেশের কান্তিনে গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ৩৩ জন নিহত হন এবং ৫০টির বেশি বাড়িতে আগুন দেওয়া হয়। হামলার সময় একটি স্বাস্থ্যকেন্দ্রের কাছেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে প্রায় ১৮০ জন রোগী পালিয়ে যেতে বাধ্য হন। তাদের মধ্যে ইবোলায় আক্রান্ত সন্দেহভাজন রোগী এবং অন্তত একজন নিশ্চিত রোগী ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ এ হামলার জন্য আইএস-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলায় রোগী ও সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তিরা ছড়িয়ে পড়ায় সংক্রমণ শনাক্ত এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে।

১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যার পর থেকেই পূর্ব কঙ্গোতে জাতিগত উত্তেজনা, রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘাত চলছে। ১৯৯৬ সাল থেকে এ অঞ্চলের সংঘাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশে এখনো ৫০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত।

মানুষের অবিশ্বাস ও স্বাস্থ্যব্যবস্থার সংকট
বুনিয়া শহরের ইবোলা চিকিৎসাকেন্দ্রে কাজ করা কঙ্গোলিজ চিকিৎসক অ্যালেক্স বোনানে মুরুৎসি বলেন, দারিদ্র্য ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করা মানুষের কাছে প্রতিদিন বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ। ইবোলা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। অনেকেই রোগ প্রতিরোধের নিয়ম মানতে চান না।

স্থানীয় সংস্কৃতিতে মৃত ব্যক্তির দেহ স্পর্শ করা, গোসল করানো ও শেষকৃত্যের নানা আচার গুরুত্বপূর্ণ। কিন্তু সংক্রমণ ঠেকাতে ইবোলায় মৃত ব্যক্তির মরদেহ বিশেষ সুরক্ষাব্যবস্থায় রাখতে হয়। এতে অনেক পরিবার প্রচলিত ধর্মীয় ও সামাজিক রীতি পালন করতে না পেরে ক্ষুব্ধ হয়। কেউ কেউ মৃত্যুর তথ্য গোপন করে বা নিরাপদ দাফনে বাধা দেয়।

আবার সুস্থ হয়ে ওঠা রোগীরাও সামাজিকভাবে বঞ্চনার শিকার হন। অনেকেই জানেন না, সুস্থ হওয়ার পর তাদের মাধ্যমে সাধারণত সংক্রমণ ছড়ায় না। ফলে তাদের এড়িয়ে চলা হয়। এমনকি ইবোলা চিকিৎসাকেন্দ্রে কাজ করা স্বাস্থ্যকর্মীদেরও নিজেদের পরিবারের সদস্যদের কাছ থেকে অবিশ্বাসের মুখে পড়তে হয়।

এমএসএফের কঙ্গো কার্যক্রমের সমন্বয়ক আনা হ্যালফোর্ড বলেন, সংঘাতপূর্ণ এলাকায় স্বাস্থ্যকর্মীদের যাতায়াত বাধাগ্রস্ত হওয়ায় রোগী শনাক্ত, পরীক্ষা ও চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। যোগাযোগব্যবস্থার দুর্বলতার কারণে দুর্গম এলাকায় ওষুধ ও চিকিৎসাসামগ্রী পৌঁছাতেও দীর্ঘ সময় লাগে। অনেক স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী নেই। কোথাও কোথাও স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯-এর জন্য তৈরি সুরক্ষাসামগ্রী ও সাধারণ স্যান্ডেল পরে কাজ করতে হচ্ছে।

সহায়তার অর্থ, কিন্তু মাঠপর্যায়ে ঘাটতি
আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় কঙ্গোর স্বাস্থ্যব্যবস্থা আগে থেকেই চাপে ছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর কঙ্গোর মানবিক সহায়তা পরিকল্পনার প্রয়োজনীয় অর্থের মাত্র এক-চতুর্থাংশ পাওয়া গিয়েছিল।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়াও প্রাদুর্ভাব শনাক্তে দেরির অন্যতম কারণ বলে মনে করেন ২০১৪ সালের পশ্চিম আফ্রিকার ইবোলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কার্যক্রমের নেতৃত্ব দেওয়া জেরেমি কোনডিক। তার মতে, সংস্থাটির দ্রুত সাড়াদানকারী দলগুলো না থাকায় প্রাথমিক সতর্কতা ও সংক্রমণ শনাক্তের ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। একই সময়ে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও কানাডার মতো দেশও সহায়তা কমিয়ে দেয়।

গত সেপ্টেম্বরে জি-২০ পররাষ্ট্রমন্ত্রী ও বড় দাতাদের নতুন প্রতিশ্রুতির পর মে মাস থেকে ইবোলা মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতির পরিমাণ প্রায় ২৯০ কোটি ডলারে পৌঁছায়। তবে এমএসএফের আন্তর্জাতিক সভাপতি জাভিদ আবদেলমোনেইম অভিযোগ করেছেন, প্রতিশ্রুত অর্থের বড় অংশ মাঠপর্যায়ে পৌঁছাচ্ছে না। তার ভাষ্য, অনেক স্বাস্থ্যকর্মী বেতন পাচ্ছেন না, অ্যাম্বুলেন্স জ্বালানির অভাবে চলতে পারছে না এবং কাগজে-কলমে থাকা নজরদারি দল মাঠে কাজ করছে না।

ইতুরি প্রদেশে এমএসএফের চিকিৎসা পাওয়া ইবোলা রোগীদের মাত্র ৯ শতাংশকে আগে নজরদারি ব্যবস্থার মাধ্যমে সংস্পর্শে আসা ব্যক্তি হিসেবে শনাক্ত করা হয়েছিল বলে জানান তিনি।

রোগীর পাশে বেঁচে ফেরা মানুষ
ইবোলা চিকিৎসায় স্বাস্থ্যকর্মীদের শারীরিক ও মানসিক চাপও ভয়াবহ। সুরক্ষার জন্য তাদের পুরো শরীর ঢেকে রাখা বিশেষ পোশাক, মাস্ক, চশমা ও একাধিক স্তরের গ্লাভস পরতে হয়। প্রচণ্ড গরমে এসব পোশাক পরে একটানা ৯০ মিনিটের বেশি কাজ করা কঠিন। এতে রোগীর চিকিৎসায় সূক্ষ্ম কাজগুলোও জটিল হয়ে ওঠে।

বেলজিয়ান চিকিৎসক এমিলি ভানদামে বলেন, সুরক্ষাপোশাকের কারণে রোগীদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা বা তাদের সান্ত্বনা দেওয়ার সুযোগ খুব কম থাকে। আতঙ্কিত রোগীদের কাছে স্বাস্থ্যকর্মীরা যেন মুখহীন কিছু মানুষ, যাঁরা দ্রুত আসেন এবং কাজ শেষ করে চলে যান।

তবে রোগীদের পাশে মানবিক সহায়তা দিতে নতুন একটি ব্যবস্থা চালু করেছে এমএসএফ। ইবোলা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের কেউ কেউ স্বেচ্ছায় চিকিৎসাকেন্দ্রে ফিরে এসে অন্য রোগীদের সেবা করছেন। তাদের বলা হয় ‘গার্দ মালাদ’ বা রোগীর পরিচর্যাকারী। তারা বিশেষ করে পরিবার হারানো শিশুদের দেখাশোনা করেন, সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় যত্ন নেন।

চিকিৎসক মুরুৎসি বলেন, শিশুদের ওয়ার্ডে এসব পরিচর্যাকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কারণ, অনেক শিশু ইবোলায় পরিবারের প্রায় সবাইকে হারিয়ে একা হয়ে যায়।

ভানদামে জানান, চিকিৎসাকেন্দ্রে পাঁচটি শিশুকে তিনি দেখেছেন, যারা মা-বাবার মৃত্যুর সময় তাদের পাশেই ছিল। এমনকি কেউ কেউ মৃত বাবা বা মাকে জড়িয়ে ধরে ছাড়তে চাইছিল না।

এমনই এক রোগী ছিলেন ৪০ বছর বয়সী রুথ। ইবোলায় আক্রান্ত হয়ে তিনি তার দুই নাতিকে হারান। ছোট নাতি মারা যাওয়ার পর বড় নাতিটিও খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত মারা যায়। শোকের মধ্যেও রুথ নিজেকে সামলে নেন। কারণ, বাড়িতে তার আরও তিন মাস বয়সী এক নাতির দেখাশোনার দায়িত্ব ছিল।

ভানদামে বলেন, একদিন রুথ তাকে দেখে হাতের বৃদ্ধাঙ্গুলি তুলে ধন্যবাদ জানিয়েছিলেন। চিকিৎসক বলেন, ‘আমরা তার দুই নাতিকে বাঁচাতে পারিনি, তবু তিনি আমাদের প্রতি কৃতজ্ঞ ছিলেন। এই মহামারি মোকাবিলায় মানুষের এমন অসাধারণ ধৈর্য ও সহনশীলতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ সূত্র: আল জাজিরা

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত