তিন দিন ইন্টারনেটে ধীরগতির শঙ্কা, জানা গেল কারণ
সাবমেরিন ক্যাবল সিস্টেমে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা থেকে আগামী ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। এ সময় ইন্টারনেটের গতি ধীর হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ‘এসইএ-মি-উই-৫’ (SMW-5)-এর কনসোর্টিয়াম ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে।
এই কার্যক্রম ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট চার দিন ধরে প্রতিদিন ৮ ঘণ্টা করে চলবে।
এ সময় কার্যক্রমটি ট্রাফিক-প্রভাবিত হওয়ায় এসএমডব্লিউ-৫ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা ধীরগতি কিংবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
তবে রক্ষণাবেক্ষণ চলাকালে বিএসসিপিএলসির অন্যান্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত থাকবে।
বিএসসিপিএলসি জানিয়েছে, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই ইন্টারনেট সেবা পুরোপুরি স্বাভাবিক করা যায়।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: