• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বিচারপতির ২ সোশ্যাল অ্যাকাউন্ট উদ্ধার, হ্যাকার অধরা

প্রকাশিত: ১৩:৩২, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
বিচারপতির ২ সোশ্যাল অ্যাকাউন্ট উদ্ধার, হ্যাকার অধরা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। তবে হ্যাকারকে চিহ্নিত করতে পারলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে এখনও গ্রেফতার করতে পারেনি।

বুধবার (১ এপ্রিল) ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে এই দুটি একাউন্ট আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে পাওয়া যায়।

গত ২৪ মার্চ এ সংক্রান্ত একটি জিডি রাজধানীর শাহবাগ থানায় করা হয়। জিডিতে উল্লেখ করা হয়েছে, ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের মুঠোফোনে সক্রিয় ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো ১৮ মার্চ কে বা কারা হ্যাক করেছে। এই হ্যাকিংয়ের মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসিকিউটর তানভীর জোহা আরও জানান, হ্যাকিং ঘটনার পেছনে আন্তর্জাতিক কোনো চক্র জড়িত কিনা তা যাচাই করা হচ্ছে। তারা ইতিমধ্যেই আইটি বিশেষজ্ঞ ও সাইবার নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় তদন্ত শুরু করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ট্রাইব্যুনালের সকল ডিজিটাল সিকিউরিটি ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি শনাক্ত হলে আইনের আওতায় আনা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত