• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন প্রতারণা শনাক্তে নতুন সেবা চালু করলো ‘ট্রুকলার’

প্রকাশিত: ১২:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অনলাইন প্রতারণা শনাক্তে নতুন সেবা চালু করলো ‘ট্রুকলার’

অনলাইন প্রতারণা শনাক্তে নতুন সেবা চালু করেছে ট্রুকলার। ‘স্ক্যাম চেকার’ নামের এই সেবায় সন্দেহজনক ফোন নম্বর, ওয়েবসাইটের ঠিকানা বা মেসেজ যাচাই করা যাবে। এ জন্য আলাদা অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হবে না। 

সুইডেনের প্রতিষ্ঠান ট্রুকলার জানিয়েছে, নতুন সেবাটি প্রথমে ভারতে চালু করা হয়েছে। পরে লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও এটি চালু করা হবে।

সন্দেহজনক কোনো ফোন নম্বর, ওয়েব ঠিকানা বা মেসেজ স্ক্যাম চেকারে দিলে সেটি ট্রুকলারের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবহারকারীদের দেওয়া প্রতারণাসংক্রান্ত প্রতিবেদনও বিবেচনায় নেওয়া হবে।

কোনো ওয়েব ঠিকানা যাচাইয়ের ক্ষেত্রে স্ক্যাম চেকার প্রয়োজনে সংক্ষিপ্ত ঠিকানার মূল ঠিকানা শনাক্ত করবে। এরপর বিভিন্ন সংযোগ অনুসরণ করে ওয়েবসাইটটির শেষ গন্তব্য বের করে সেটি ট্রুকলারের নিজস্ব ঝুঁকি-সংক্রান্ত তথ্যভান্ডার ও অন্যান্য সংকেতের সঙ্গে মিলিয়ে দেখবে।

সন্দেহজনক কোনো মেসেজও যাচাই করা যাবে। মেসেজে থাকা ফোন নম্বর বা ওয়েব ঠিকানা শনাক্ত করে সেগুলো সম্পর্কে ট্রুকলারের ব্যবহারকারীদের দেওয়া প্রতিবেদন দেখাবে সেবাটি। তবে কোনো ফোন নম্বরের সঙ্গে যুক্ত ব্যক্তির নামসহ বিস্তারিত তথ্য জানতে ট্রুকলারের প্রচলিত সেবা ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীকে হিসাব খুলে সেবায় প্রবেশ করতে হবে।

ট্রুকলারের নতুন সেবায় প্রতিষ্ঠানটির ব্যবহারকারীদের দেওয়া প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ভারতে ‘স্ক্যামফিড’ নামের তাদের ব্যবহারকারীনির্ভর তথ্যভান্ডারে প্রায় ২০ হাজার প্রতারণাসংক্রান্ত প্রতিবেদন রয়েছে। প্রতি সপ্তাহে সেখানে প্রায় ১ হাজার ৩০০টি নতুন প্রতিবেদন যুক্ত হচ্ছে।

ভবিষ্যতে স্ক্যাম চেকারে আরও ধরনের প্রতারণা শনাক্তের সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে ট্রুকলারের। পাশাপাশি ছবি বা পর্দার ছবি জমা দিয়ে তা বিশ্লেষণের সুবিধাও চালু করার পরিকল্পনা রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত