ভুয়া জন্মতারিখ দিয়ে অ্যাকাউন্ট খুললেও নেই রেহাই, কঠোর হচ্ছে মেটা
অনলাইন জগতে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বয়স অনুমান প্রযুক্তি চালু করতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। মূলত বিলিয়ন ডলারের আইনি সমঝোতা এবং কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনার মুখে এই বড় পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, কোনো ব্যবহারকারী জন্মতারিখ পরিবর্তন করে নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখালেও, তাদের অনলাইন আচরণ ও পোস্ট বিশ্লেষণ করে এআই প্রযুক্তির মাধ্যমে কিশোর-কিশোরী হিসেবে শনাক্ত করা হবে এবং স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে বিশেষ সুরক্ষা বলয় বা ‘টিন অ্যাকাউন্ট’ যুক্ত করা হবে।
এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে এই প্রযুক্তি পরীক্ষা করা হয়েছিল। এর সফল প্রয়োগের পরই এখন এটি বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে।
চলতি মাস থেকেই যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক টিনএজারদের জন্য ইনস্টাগ্রাম সেটআপ করেছেন, তারা নতুন এই ব্যবস্থার নোটিফিকেশন পাবেন। এরপর চলতি বছরের শেষের দিকে ফেসবুক এবং থ্রেডস অ্যাপেও এই বয়স অনুমানকারী অ্যালগরিদম সম্প্রসারণ করা হবে। অভিভাবকরা চাইলে শিশুদের জন্য অ্যাকাউন্ট খুলে সেগুলোকে নির্দিষ্ট ক্যাটাগরিতে রাখতে পারেন, তবে নতুন এই প্রযুক্তির ফলে ভুল বা ভুয়া জন্মতারিখ দিয়ে অ্যাকাউন্ট খুলেও কেউ প্রাপ্তবয়স্ক হিসেবে নিজেকে চালিয়ে দিতে পারবে না।
ফলে ভুয়া জন্মতারিখ দিয়ে অ্যাকাউন্ট খুলে অভিভাবকের নিয়ন্ত্রণ বা কড়াকড়ি এড়ানোর যে সুযোগ আগে ছিল, নতুন প্রযুক্তির ফলে তা চিরতরে বন্ধ হবে।
মেটার নতুন নিয়ম অনুযায়ী, টিন অ্যাকাউন্টগুলোতে বেশ কিছু কড়াকড়ি থাকছে। অ্যাকাউন্টগুলোতে প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা ব্যবহারের নিয়ম নির্ধারণ করা হয়েছে এবং রাতেরবেলা ঘুমানোর সময় নোটিফিকেশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে।
এ ছাড়া লাইক বা রিঅ্যাকশনের মতো সামাজিক তুলনা সৃষ্টি করে এমন ফিচারগুলো লুকিয়ে রাখা হবে, যেন কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। একই সঙ্গে টিনএজাররা অপরিচিত কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে প্রথমবার চ্যাট করলে অভিভাবকরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন।
এমনকি আত্মহত্যা, নিজেকে আঘাত করা কিংবা ইটিং ডিসঅর্ডারের মতো সংবেদনশীল বিষয়ে সার্চ করলেও অভিভাবকদের কাছে অ্যালার্ট চলে যাবে এবং চেহারায় পরিবর্তন আনে এমন ফিল্টারগুলোও সীমিত রাখা হবে।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশের শিশু বিকাশ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো তরুণদের জন্য অত্যন্ত আসক্তি তৈরি করে এবং তাদের মানসিক চাপে ফেলে। গত বছর অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যদিও পরবর্তীতে এর বৈজ্ঞানিক ভিত্তি ও সংবিধান নিয়ে আইনি লড়াই শুরু হয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরাও অপ্রাপ্তবয়স্কদের ওপর প্ল্যাটফর্মগুলোর ক্ষতিকর প্রভাব নিয়ে মেটার বিরুদ্ধে মামলা করেন। এর জেরে গত আগস্টে মেটা বিভিন্ন রাজ্যের সঙ্গে ১৮ বিলিয়ন ডলারের একটি আইনি সমঝোতায় পৌঁছায় এবং অপ্রাপ্তবয়স্কদের বয়স যাচাইয়ের প্রক্রিয়া কঠোর করার প্রতিশ্রুতি দেয়।
নিজের প্ল্যাটফর্ম নিরাপদ করার পাশাপাশি মেটা তার প্রতিদ্বন্দ্বী অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে মেটা জানিয়েছে যে ইনস্টাগ্রাম তো কেবল একটি অ্যাপ, টিনএজাররা আরও অনেক ধরনের অ্যাপ ব্যবহার করে থাকে। তাই কিশোর-কিশোরীদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে টিকটক এবং ইউটিউবের মতো অন্যান্য শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মগুলোকেও এই ধরনের কার্যকর নিয়ম চালুর আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: আলজাজিরা
বিভি/এসজি













মন্তব্য করুন: