এআইতে প্রম্পট দেওয়ার আগেই সতর্ক হোন, বিপদ ডেকে আনছেন না তো?
ছবি: এআই
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কাছে একটি প্রম্পট দিলেই কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষণের লক্ষ্য, পাঠ্যসূচি, প্রশিক্ষকের নির্দেশিকা, অনুশীলন, কেস স্টাডি থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি; সবই সাজিয়ে দিচ্ছে এআই। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। তবে এআইয়ের তৈরি উপকরণের ওপর অতিরিক্ত নির্ভরতা কার্যকর প্রশিক্ষণের নিশ্চয়তা দেয় না। বরং মানুষের অভিজ্ঞতা, আবেগীয় বুদ্ধিমত্তা ও যোগাযোগের দক্ষতাকে উপেক্ষা করলে প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে। তাই এআইকে কাজে লাগানোর আগে কী নির্দেশনা দেওয়া হচ্ছে এবং তার তৈরি উপকরণ কতটা কার্যকর, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।
প্রশিক্ষণ ও উন্নয়ন খাতের বাজেট তৈরির সময় এবার প্রথমবারের মতো সম্ভাব্য অতিরিক্ত ব্যয়ের জন্য কোনো বরাদ্দ রাখিনি। আগে প্রতিবছরই এ খাতে একটি নির্দিষ্ট অর্থ সংরক্ষণ করতাম। বছরের মাঝামাঝি নতুন কোনো প্রশিক্ষণের প্রয়োজন দেখা দিলে, বিশেষ করে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দক্ষতার ঘাটতি থাকলে, সেই অর্থ কাজে লাগত। কারণ, প্রশিক্ষণের বিষয়বস্তু তৈরি, কর্মসূচি সাজানো কিংবা প্রশিক্ষকের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা প্রস্তুত করতে অনেক সময় বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নিতে হতো।
এবার সেই বরাদ্দ রাখা হয়নি। এর অর্থ এই নয় যে, আমাদের প্রতিষ্ঠানে হঠাৎ করেই সব ধরনের দক্ষতা তৈরি হয়ে গেছে। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের উপকরণ তৈরির অর্থনীতি ও প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে।
এখন যেকোনো বিষয়ের ওপর একটি এআই প্ল্যাটফর্মকে নির্দেশনা দিলেই কয়েক মিনিটের মধ্যে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কর্মসূচি তৈরি করা যায়। এতে শেখার লক্ষ্য, সাজানো মডিউল, প্রশিক্ষকের নির্দেশিকা, অনুশীলন, কেস স্টাডি, মূল্যায়ন এবং বিস্তারিত প্রশিক্ষণ নোট; সবই পাওয়া সম্ভব। আগে যেসব কাজের জন্য বাইরের পরামর্শক, বিশেষায়িত প্রশিক্ষণ পরিকল্পনাকারী ও বড় অঙ্কের অর্থ প্রয়োজন হতো, এখন তা অনেক কম সময় ও খরচে করা যাচ্ছে।
বাজেটের দৃষ্টিকোণ থেকে এটি নিঃসন্দেহে অসাধারণ দক্ষতার পরিচয়। কিন্তু এআইয়ের উৎপাদনশীলতা নিয়ে উচ্ছ্বাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপেক্ষিত থেকে যাচ্ছে; আমরা যদি প্রশিক্ষণের সব উপকরণ তৈরি করতে পারি, তাহলে কি নিশ্চিতভাবে কার্যকর প্রশিক্ষণও দিতে পারব?
এখানেই কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবিক বুদ্ধিমত্তার পার্থক্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
প্রশিক্ষণ কখনোই কেবল তথ্য আদান-প্রদানের বিষয় ছিল না। যদি তা-ই হতো, তাহলে বহু আগেই প্রশিক্ষকের জায়গা পাঠ্যবই দখল করে নিত। একজন সাধারণ প্রশিক্ষক ও একজন অসাধারণ প্রশিক্ষকের পার্থক্য সাধারণত পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মানে নয়; বরং উপস্থাপনার ফাঁকে ফাঁকে কী ঘটছে, সেটিই আসল।
একজন দক্ষ প্রশিক্ষক বুঝতে পারেন কখন অংশগ্রহণকারীরা মনোযোগ হারাচ্ছেন। তিনি তাদের শারীরিক ভাষা, আচরণ ও প্রতিক্রিয়া দেখে বিভ্রান্তি, অনাগ্রহ, কৌতূহল কিংবা আগ্রহের আভাস ধরতে পারেন। কোনো বিষয় বুঝতে সময় প্রয়োজন হলে তিনি প্রশিক্ষণের গতি কমান, আবার অংশগ্রহণকারীরা বিষয়টি বুঝে ফেললে দ্রুত পরবর্তী ধাপে এগিয়ে যান।
কখনো পেছনের সারিতে চুপচাপ বসে থাকা ব্যক্তিটির কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত থাকতে পারে। কিন্তু সেটি প্রকাশের জন্য তাকে উৎসাহিত করা এবং নিরাপদ পরিবেশ তৈরি করাও একজন মানব প্রশিক্ষকের দায়িত্ব।
এর পাশাপাশি রয়েছে গল্প বলার দক্ষতা। স্মরণীয় প্রশিক্ষকেরা কেবল তাত্ত্বিক আলোচনা বা কাঠামোর ওপর নির্ভর করেন না। ব্যক্তিগত অভিজ্ঞতা, ঘটনা, রসবোধ, এমনকি নিজের ব্যর্থতার গল্প দিয়েও তারা বিষয়গুলোকে জীবন্ত করে তোলেন। বিমূর্ত কোনো ধারণাকে কর্মক্ষেত্রের পরিচিত পরিস্থিতির সঙ্গে যুক্ত করেন। এরপর আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সেই ধারণাকে আরও দৃঢ় করেন। এভাবেই তথ্য উপলব্ধিতে এবং উপলব্ধি আচরণে রূপ নেয়।
একইভাবে প্রশিক্ষকের সঙ্গে অংশগ্রহণকারীদের সম্পর্কও গুরুত্বপূর্ণ। একজন অসাধারণ প্রশিক্ষক কেবল নিজের জ্ঞানের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা তৈরি করেন না; মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমেও তা অর্জন করেন। তিনি অংশগ্রহণকারীদের আস্থা অর্জন করেন, কাউকে বিব্রত না করে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেন এবং এমন পরিবেশ তৈরি করেন, যেখানে সবাই নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন।
এআই এসব দক্ষতার কিছু অনুকরণ করতে পারে, সন্দেহ নেই। কিন্তু একজন অসাধারণ প্রশিক্ষকের বাস্তব অভিজ্ঞতা, আন্তরিকতা ও আবেগীয় সংযোগ কতটা বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে।
ধরা যাক, এমন একটি রোবট তৈরি করা হলো, যা ১০০ মিটার দৌড়ে যেকোনো মানুষকে হারাতে পারে। প্রযুক্তিগতভাবে এটি বিস্ময়কর অর্জন। কিন্তু সেই রোবট অলিম্পিকে সোনা জিতলে তা কি আমাদের একজন মানুষের সোনা জয়ের মতো অনুপ্রাণিত করবে? নিশ্চয়ই নয়। কারণ, মানুষের অর্জনের পেছনে থাকা পরিশ্রম, দৃঢ়তা, সীমাবদ্ধতা ও অভিজ্ঞতার সঙ্গে আমরা নিজেদের সম্পর্ক খুঁজে পাই। মানবিক দিকটি বাদ দিলে সেই অর্জনের বিশেষ তাৎপর্যও হারিয়ে যায়।
প্রশিক্ষণের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। প্রতিষ্ঠানগুলো যদি জ্ঞান তৈরির দক্ষতা ও গতি নিয়ে এতটাই মুগ্ধ হয়ে পড়ে যে, সেই জ্ঞান মানুষ কীভাবে গ্রহণ করছে, তা উপেক্ষা করে, তাহলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। তথ্যের সহজলভ্যতাকে দক্ষতা অর্জনের সঙ্গে গুলিয়ে ফেলার আশঙ্কা রয়েছে।
নিঃসন্দেহে এআই প্রশিক্ষণ ও উন্নয়ন খাতে বড় পরিবর্তন আনবে। এটি দক্ষতার সুযোগ সবার কাছে পৌঁছে দেবে, কনটেন্ট তৈরির গতি বাড়াবে, খরচ কমাবে এবং আগে কল্পনাও করা যায়নি; এমন ব্যাপক পরিসরে ব্যক্তিভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তৈরি করবে। এসব পরিবর্তনকে স্বাগত জানাই। ২০২৭ সালের বাজেটেও এর প্রতিফলন রয়েছে।
তবে কর্মক্ষেত্রে ভবিষ্যতের প্রশিক্ষণব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব প্রশিক্ষকের মধ্যে প্রতিযোগিতা হওয়া উচিত নয়। বরং দুটির সমন্বয়েই কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
এআই দিতে পারে জ্ঞান, কাঠামো ও তথ্য। অন্যদিকে, দক্ষ মানব প্রশিক্ষক সেই জ্ঞানের ব্যাখ্যা, অনুপ্রেরণা ও মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের কাজটি করবেন।
অভিজ্ঞতা বলে, সবচেয়ে কার্যকর প্রশিক্ষণের মান নির্ধারিত হয় না উপস্থাপনার স্লাইড কতটা সুন্দর, তা দিয়ে। বরং প্রশিক্ষণকক্ষে অংশগ্রহণকারীরা কী অভিজ্ঞতা অর্জন করছেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। আর মানুষের মধ্যে তৈরি হওয়া সূক্ষ্ম আবেগীয় সংযোগ এমন এক বিষয়, যা কোনো যন্ত্রের পক্ষে বিশ্বাসযোগ্যভাবে প্রতিস্থাপন করা সম্ভব নয়।
সূত্র: খালিজ টাইমস
বিভি/কেটি/পিএইচ













মন্তব্য করুন: