• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

স্পেসএক্সের ঐতিহাসিক সাফল্য, মহাকাশ থেকে ফিরে টাওয়ারের বাহুতেই ধরা পড়লো স্টারশিপ

প্রকাশিত: ১৫:১৯, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:১৯, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্পেসএক্সের ঐতিহাসিক সাফল্য, মহাকাশ থেকে ফিরে টাওয়ারের বাহুতেই ধরা পড়লো স্টারশিপ

মহাকাশযানকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার পথে বড় ধরনের সাফল্য পেয়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। পৃথিবীর কক্ষপথে ২২ ঘণ্টার বেশি সময় কাটিয়ে ফিরে আসার পর প্রথমবারের মতো উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহু দিয়ে ধরা পড়েছে প্রতিষ্ঠানটির স্টারশিপ মহাকাশযান। তবে একই অভিযানে রকেটের দুই অংশকে ফিরিয়ে আনার পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি।

শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে এ ঘটনা ঘটে। এর আগের দিন শুক্রবার সেখান থেকেই স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৭১ ফুট উচ্চতার স্টারশিপ পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে। এ সময় মহাকাশে প্রায় ১৬১ মাইল উচ্চতায় অবস্থান করে এটি ২৬টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে। এরপর ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে পৃথিবীতে ফেরার প্রক্রিয়া শুরু করে মহাকাশযানটি।

টেক্সাসের স্টারবেসের আকাশে পৌঁছানোর পর স্টারশিপের ইঞ্জিনগুলো আবার চালু হয়। মহাকাশযানটি নিজের অবস্থান পরিবর্তন করে ধীরে ধীরে উল্লম্বভাবে নেমে আসে। একপর্যায়ে উৎক্ষেপণ টাওয়ারের দুই পাশের বিশাল যান্ত্রিক বাহু বা ‘চপস্টিক’ সেটিকে ধরে ফেলে। স্পেসএক্সের দীর্ঘদিনের প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ প্রকৌশলগত সাফল্য।

তবে রকেটের নিচের অংশ সুপার হেভি বুস্টারকে ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মধ্যে বুস্টারটি উৎক্ষেপণকেন্দ্রে ফিরে আসতে পারেনি। ফলে একই অভিযানে রকেটের দুই অংশ পুনরুদ্ধারের পরিকল্পনা সফল হয়নি।

স্পেসএক্সের লক্ষ্য, স্টারশিপের উভয় অংশকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা, যাতে অনেকটা বাণিজ্যিক বিমানের মতো দ্রুত আবারও মহাকাশে পাঠানো যায়। প্রতিষ্ঠানটি এ প্রকল্পে ১৫ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। তবে মহাকাশযানটির তাপরোধী ঢাল এখনো পুরোপুরি পুনর্ব্যবহারের উপযোগী হয়নি; প্রতিটি অভিযানের পর এটি পরীক্ষা ও মেরামতের প্রয়োজন হতে পারে।

নাসার আর্টেমিস কর্মসূচিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা স্টারশিপের। চাঁদে নভোচারী পাঠানোর জন্য স্পেসএক্সকে চার বিলিয়ন ডলারের বেশি মূল্যের চুক্তি দিয়েছে নাসা। তবে চাঁদে যাওয়ার আগে কক্ষপথে এক মহাকাশযান থেকে অন্যটিতে জ্বালানি স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত চ্যালেঞ্জ এখনো পেরোতে হবে প্রতিষ্ঠানটিকে। সূত্র: রয়টার্স

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত