• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করলো ইতালি, নেপথ্যে কী?

প্রকাশিত: ১৬:৩৬, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করলো ইতালি, নেপথ্যে কী?

ব্যবহারকারীদের নির্দিষ্ট অনুমতি ছাড়াই তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিওতে প্রবেশের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন (৮৮ কোটি ৭০ লাখ) মার্কিন ডলার জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা।

ইতালির তথ্য সুরক্ষা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক অ্যাপের মাধ্যমে ইতালীয় ব্যবহারকারীদের ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট মেটাডেটায় প্রবেশ করেছে মেটা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে নির্দিষ্ট সম্মতি নেওয়া হয়নি এবং বিষয়টি সম্পর্কে তাদের যথাযথভাবে অবহিতও করা হয়নি।

তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়ন এবং জরিমানার অযৌক্তিক পরিমাণের সঙ্গে তারা জোরালোভাবে দ্বিমত পোষণ করেন।

এর আগে গত অক্টোবরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেয়। এক দশকের বেশি সময় ধরে ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের বিষয়ে অঙ্গরাজ্যের বাসিন্দাদের বিভ্রান্ত করার অভিযোগে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির ইতিহাসে এটি ছিল রেকর্ড পরিমাণ জরিমানা। তবে মেটা এ সিদ্ধান্তের সমালোচনা করে একে মতপ্রকাশের স্বাধীনতার ওপর ‘কর’ হিসেবে আখ্যা দেয়।

সর্বশেষ ইতালির এ জরিমানাও কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশটির কর্তৃপক্ষের আরোপ করা বড় অঙ্কের জরিমানাগুলোর একটি।

এর আগে ২০২১ সালে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে অ্যামাজনকে ১ দশমিক ১ বিলিয়ন ইউরোর বেশি জরিমানা করেছিল ইতালি। তবে আপিলের পর সেই জরিমানার পরিমাণ কমিয়ে ৭৫২ মিলিয়ন ইউরো করা হয়।

ফেসবুকের একটি বিশেষ ফিচারকে কেন্দ্র করে মেটার বিরুদ্ধে এবারের জরিমানা করা হয়েছে। ২০২৩ সাল থেকে চালু থাকা ‘গ্যালারি সাজেশনস’ নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক ব্রাউজ করার সময় তাদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্ট করার পরামর্শ দেওয়া হয়।

ইতালির নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, ফিচারটি ব্যবহারের জন্য ফেসবুক পুরো অ্যাপের জন্য প্রযোজ্য একটি সাধারণ অনুমতির মাধ্যমে ফোনের গ্যালারিতে প্রবেশের সুযোগ চেয়েছিল। এর আগে ব্যবহারকারীদের অন্য কিছু ফিচার চালুর বিষয়ে একটি সাধারণ নোটিশ দেওয়া হতো। ফলে তারা বুঝতে পারতেন না যে ওই অনুমতির মাধ্যমে ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের অনুমতিও দেওয়া হচ্ছে।

ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে সংশ্লিষ্ট ফিচারটির জন্য মেটাকে আলাদাভাবে ও সুনির্দিষ্টভাবে ব্যবহারকারীদের সম্মতি নিতে হবে। পাশাপাশি ফিচারটি কী কাজে ব্যবহৃত হবে, অর্থাৎ ব্যবহারকারীর ছবির গ্যালারিতে প্রবেশ করা হবে- তা স্পষ্টভাবে জানাতে হবে। একই সঙ্গে ফিচারটি কীভাবে বন্ধ করা যাবে, সে বিষয়েও পরিষ্কার নির্দেশনা দিতে হবে।

জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা এবং অনিয়মের সময়কাল বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতালিতে প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ ঘটনার আওতায় পড়েছেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যারা এখনো অ্যাপটি হালনাগাদ করেননি এবং যারা ইতোমধ্যে ওই ব্যবস্থায় সম্মতি দিয়েছেন, তাদের ক্ষেত্রে অনিয়মের প্রভাব এখনো রয়েছে। তদন্ত চলাকালে মেটার অসহযোগিতাকেও জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।

মেটার ২০২৫ সালের বার্ষিক আয় ছিল ২০১ বিলিয়ন ডলার এবং নিট মুনাফা ছিল ৬০ দশমিক ৫ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির বার্ষিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪ শতাংশের সমপরিমাণ জরিমানা করেছে ইতালির কর্তৃপক্ষ।

সূত্র: গার্ডিয়ান

বিভি/জিডি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত