ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প
ছবি: বাসস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৬ জানুয়ারি) ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। দেশটির সরকার বিরোধী বিক্ষোভ দমন-পীড়নে গ্রেফতার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান সরকার।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে শুক্রবার লিখেছেন, ‘আমি এই বিষয়টির প্রতি গভীর সম্মান জানাই। গতকাল যে সব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল (যার সংখ্যা ৮০০-এরও বেশি), সেগুলো বাতিল করেছে ইরান, এ জন্য তাদেরকে ধন্যবাদ!’
মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ইরানি বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তবে ট্রাম্প এখন হস্তক্ষেপ থেকে বিরত থাকছেন, কারণ বুধবার তিনি জানান যে, তাকে বলা হয়েছে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে।
ট্রাম্প গত বৃহস্পতিবার উপসাগরীয় কর্মকর্তাদের সেই মন্তব্যও উড়িয়ে দেন, যেখানে বলা হয়েছে সৌদি আরব, কাতার ও ওমান তাকে হামলা থেকে বিরত রাখতে উদ্যোগী হয়েছে।
শুক্রবার হোয়াইট হাউস থেকে সপ্তাহান্তে ফ্লোরিডা যাওয়ার উদ্দেশে রওনা হওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কেউ আমাকে বোঝায়নি— আমি নিজেই নিজেকে বুঝিয়েছি।’
তিনি বলেন, ‘তারা কাউকেই ফাঁসি দেয়নি। তারা ফাঁসি বাতিল করেছে। এর একটা বড় প্রভাব পড়েছে।’ সূত্র: এএফপি
বিভি/এমআর



মন্তব্য করুন: