ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
ভারতীয় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা (এনবিডব্লিউ) জারি করা হয়েছে। ২০১৮ সালের এক মানহানির মামলায় সোমবার (২৩ নভেম্বর) দিল্লির আদালত তার বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করেছেন।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাঠির ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিও নিয়ে বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডের করা মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনাম রাইস খান এই পরোয়ানা জারি করেন।
মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। বিস্তারিত আদেশের অপেক্ষা রয়েছে এই মামলা। এর আগে, গত ৩১ অক্টোবর আদালত রাঠির বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
নোটিশ জারি করতে গিয়ে আদালতের নোটিশ জারিকারক কর্মকর্তা ধ্রুব রাঠির বাড়ি তালাবদ্ধ অবস্থায় পাওয়ার প্রতিবেদন দেওয়ার পর ১৭ অক্টোবর আদালত তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। হরিয়ানার গুরুগ্রামে রাঠির ঠিকানায় আদালত নতুন করে সমনও জারি করেছিলেন।
তার আইনজীবী আদালতে জানিয়েছিলেন, রাঠি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন এবং দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে ভারতে এসেছিলেন।
আদালত বলেছিলেন, রাঠিকে প্রথমবার ২০১৯ সালের জুলাই মাসে সমন পাঠানো হয়েছিল।
২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। ভিডিওতে নিজের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ ফেসবুক পেজের প্রতিষ্ঠাতা বিকাশ সানকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে এই মানহানির মামলা দায়ের করেন।
সূত্র: এনডিটিভি
বিভি/এসজি













মন্তব্য করুন: