• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পদত্যাগের দুই সপ্তাহ পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

প্রকাশিত: ২১:৪৩, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পদত্যাগের দুই সপ্তাহ পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে পদত্যাগের প্রায় দুই সপ্তাহ পর বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে ফিরেছেন জেনসেন হুয়াং। 

সোমবার (২৩ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ তাকে প্রেসিডেন্ট, সিইও ও বোর্ড সদস্য হিসেবে পুনর্বহাল করেছে। এ সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। হুয়াংয়ের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, চীনের এক কথিত গুপ্তচরের সঙ্গে সম্পর্কসহ একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠার পর তিনি ওই পদ ছেড়েছিলেন। তবে সোমবার (২৩ নভেম্বর) এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে আবারও কোম্পানির প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দেয়।

ফিরে আসার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে হুয়াং বলেন, নতুন শিল্পবিপ্লবের সূচনালগ্নে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্বে ফিরতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

তিনি আরও বলেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করছি এবং নতুন করে অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এই প্রক্রিয়ায় আমার ওপর আস্থা রাখা এবং বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেয়ার জন্য এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাতে চাই।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে আবারও সিইও পদে ফিরিয়ে এনে সঠিক ও যথাযথ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, জেনসেনের এনভিডিয়ায় ফিরে আসায় জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হবে—এমন বিশ্বাস করার কোনো কারণ যুক্তরাষ্ট্র সরকারের নেই।

অন্যদিকে হুয়াংয়ের ফিরে আসার খবর প্রকাশের পর সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে যায়। বিশ্লেষকেরাও পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। ফাউন্ডার্স ১০০ ইটিএফের পোর্টফোলিও ব্যবস্থাপক মাইকেল মোনাগান আল জাজিরাকে বলেন, এটি ‘বিশাল ইতিবাচক’ এক সিদ্ধান্ত।

মোনাগান বলেন, জেনসেনের মতো প্রতিষ্ঠাতাদের স্থান কাউকে দিয়ে প্রতিস্থাপন করা যায় না। তাদের দূরদর্শিতা, কাজ বাস্তবায়নের দক্ষতা ও দৃঢ়তার তুলনা হয় না। যুক্তরাষ্ট্রের এসআই প্রতিযোগিতায় জয়ী হওয়া, এনভিডিয়া এবং সামগ্রিকভাবে উদ্ভাবনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ, তা ভাষায় প্রকাশ করা কঠিন।

সূত্র: আল জাজিরা

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত