• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

তুচ্ছ ঘটনায় প্রেমিকের বুকে ছুরি বসিয়ে দিলো প্রেমিকা!

প্রকাশিত: ১৪:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তুচ্ছ ঘটনায় প্রেমিকের বুকে ছুরি বসিয়ে দিলো প্রেমিকা!

ছবি: প্রেমিকা (বায়ে) ও প্রেমিক কামতা (ডানে)

প্রেমিকাকে মোবাইল ফোনে কল–মেসেজে ব্লক—আর তাতেই শেষ হয়ে গেলো এক তরুণের জীবন! প্রেমিক হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে প্রেমিকা। প্রেমিকের ভাড়া বাসায় গিয়ে বুকে বসিয়ে দেন ছুরি—আর সেখানেই লুটিয়ে পড়েন ২৫ বছরের কামতা প্রসাদ সূর্যবংশী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে ঘটে যায় এই হৃদয়বিদারক ঘটনা। পুলিশ জানায়, স্থানীয় একটি হোটেলে কাজ করতেন কামতা। ছয় মাস আগে ইনস্টাগ্রামে তার পরিচয় হয় ২২ বছরের রোশনি সূর্যবংশীর সঙ্গে। অনলাইন আলাপ থেকে শুরু, দ্রুতই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

তবে গত কয়েক দিন ধরেই দুজনের মধ্যে চলছিল টানাপোড়েন। হঠাৎ করেই রোশনির নম্বর ও মেসেজ ব্লক করে দেন কামতা। অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন—এমন সন্দেহে ক্ষুব্ধ হয়ে ছুরি হাতে কামতার ঘরে হাজির হন রোশনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দরজা খোলার পর কামতার মোবাইল ফোন দেখতে চান রোশনি। কামতা ফোন দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় তুমুল ঝগড়া। একপর্যায়ে রোশনি সরাসরি কামতার বুকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ। চিৎকার শুনে রুমমেট ছুটে এসে কামতাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথেই মারা যান তিনি।

ঘটনার পর অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কর্মকর্তা সুম্মত সাহু জানান, ‘ছুরি নিয়ে ঘরে ঢুকে ফোন দাবি করেন ওই নারী। ধস্তাধস্তির সময় বুকে আঘাত লাগে, ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোশনি দাবি করেছেন, ভয় দেখানোর জন্যই ছুরি নিয়েছিলেন তিনি। তবে প্রেমের এই সম্পর্ক কীভাবে খুন পর্যন্ত গড়াল—পুরো ঘটনাক্রম খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তদন্ত চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কামতা বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা। সূত্র: এনডিটিভি

বিভি/এমআর

মন্তব্য করুন: