ভারতে কয়লা খনি ধসে নিহত ১৮, আহত ৮
ছবি: সংগৃহীত
ভারতের মেঘালয়ে কয়লা খনি ধসে ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আটজন। এর পাশাপাশি বহু শ্রমিক সেটির ভেতর আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি একটি অনুমোদনহীন অবৈধ খনি ছিলো।
পুলিশ জানিয়েছে, খনির ভেতর থেকে তারা ১৮টি মরদেহ উদ্ধার করেছে। এটি মেঘালয়ের পূর্ব জৈন্তা পাহাড়ি এলাকায় অবস্থিত।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মণিশ কুমার বলেছেন, বিস্ফোরণের খনিতে কত শ্রমিক ছিলেন সেটি এখনো অস্পষ্ট। বাকিরা হয়ত সেখানে আটকা পড়ে আছেন।
বৃহস্পতিবার সূর্যাস্তের পর উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারীরা। রাত হয়ে যাওয়ায় পরে অভিযান বন্ধ করে দেওয়া হয়। আজ শুক্রবার থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের সহায়তায় পূর্ণ উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
পুলিশের এ কর্মকর্তা বলেছেন, এটি অবৈধ রেট-হোল খনি। যেখানে অত্যন্ত সরু পথ দিয়ে শ্রমিকরা মাটি খুড়ে নিচে যান এবং বিপজ্জনক উপায়ে কয়লাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র তুলে আনেন।
মেঘালয়ের বিভাগীয় পুলিশ প্রধান বিকাশ কুমার বলেছেন, খনিতে রাখা ডাইনামাইটের কারণে হয়ত বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আসল কারণ তদন্তের মাধ্যমে বের করা হবে।
এছাড়া যারা নিহত হয়েছেন তারা হয় পুড়ে না হয় বিষাক্ত পদার্থ শ্বাসের মাধ্যমে নিয়ে প্রাণ হারিয়েছেন। -সূত্র: আলজাজিরা
বিভি/এআই



মন্তব্য করুন: