• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

জানুয়ারির প্রথম দুই সপ্তাহে নিখোঁজ ৮০৮, জনমনে আতঙ্ক 

প্রকাশিত: ১৪:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জানুয়ারির প্রথম দুই সপ্তাহে নিখোঁজ ৮০৮, জনমনে আতঙ্ক 

জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে দিল্লিতে নিখোঁজ হয়েছেন ৮০৮ জন। বার্তাসংস্থা পিটিআই জানাচ্ছে, দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে যে ৮০০ জন নিখোঁজ হয়েছেন, তার মধ্যে ৫০৯ জন অর্থাৎ দুই-তৃতীয়াংশ হলো নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়ে। ভারতের রাজধানী থেকে প্রতিদিন গড়ে ৫৪ জন নিখোঁজ হয়ে যাচ্ছেন।  

পুলিশের তথ্য বলছে, নিখোঁজদের মধ্যে ১৯১ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৬১৬ জন প্রাপ্তবয়স্ক। পুলিশ এ পর্যন্ত ২৩৫ জনের খোঁজ পেয়েছে। ৫৭২ জন এখনো নিখোঁজ। 

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এত মানুষের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটা স্বাভাবিক পরিস্থিতি নয়, বরং রীতিমতো আতঙ্কের পরিস্থিতি। রাজধানীর মানুষের নিরাপত্তা ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপি-র শাসনে একবছর থাকার পর দিল্লি কেন এতটা নিরাপত্তাহীন শহর?

দিল্লি পুলিশের তথ্য বলছে, জানুয়ারি মাসের প্রথম ১৫ দিনে প্রতিদিন গড়ে ১৩ জন করে অপ্রাপ্তবয়স্ক নিখোঁজ হয়েছে। ১৯১ জন নিখোঁজ অপ্রাপ্তবয়স্কের মধ্যে ১৪৬ জন মেয়ে। তাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। 

নিখোঁজ ৬১৬ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ৩৬৩ জন নারী এবং ২৫২ জন পুরুষ। পুলিশ এর মধ্যে ৯০ জন পুরুষ ও ৯১ জন নারীকে উদ্ধার করেছে। বাকিরা এখনো নিখোঁজ। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিল্লি পুলিশ দাবি করেছে, দিল্লিতে এক লাখ মানুষের মধ্যে ১২২ দশমিক পাঁচজন নিখোঁজ হন। এই হার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের থেকে কম। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বাচ্চাদের ফিরতে একটু দেরি হলে, অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে কিছুক্ষণ যোগাযোগ করতে না পারলেই উদ্বিগ্ন বাবা-মা রিপোর্ট ফাইল করেন। সেটা সরকারি সংখ্যাতত্ত্বের মধ্যে ঢুকে যায়। 

পুলিশ জানিয়েছে, এই বছর জানুয়ারি মাসে এক হাজার ৭৭৭জন নিখোঁজ হয়েছেন, ২০২৫ সালের জানুয়ারিতে হয়েছিলেন দুই হাজার ৪২ জন এবং ২০২৪ সালে এক হাজার ৭৮৬ জন। গত দুই বছরের তুলনায় ২০২৬ সালে বরং কম মানুষ নিখোঁজ হয়েছেন। ২০২৫ সালে মোট ২৪ হাজার ৫০৮ জন নিখোঁজ হয়েছিলেন। তার মধ্যে পুলিশ ১৫ হাজার ৪২১ জনকে খুঁজে বের করেছে। 

তারপরেও যে প্রশ্নটা থাকছে, দিল্লি থেকে এত মানুষ কেন নিখোঁজ হন, এর পিছনে কি কোনো চক্র কাজ করছে কেন এতজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি? 

সূত্র: ডয়চে ভেলে  

বিভি/এসজি

মন্তব্য করুন: