• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

নিউ ইয়র্কের ইতিহাসে সবচেয়ে নিরাপদ জানুয়ারির রেকর্ড! (ভিডিও)

প্রকাশিত: ১৪:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ

দায়িত্ব নেওয়ার পর থেকেই যার পরিকল্পনা নিয়ে আলোচনা-সমালোচনা ছিল তুঙ্গে, আজ পরিসংখ্যানেই মিলছে তার উত্তর। মেয়রের চেয়ারে বসেই নিউইয়র্ক সিটির অপরাধ দমনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন জোহরান মামদানি। ফলস্বরূপ, ২০২৬-এর জানুয়ারিতে নিউ ইয়র্ক দেখল তার ইতিহাসের সবচেয়ে নিরাপদ দিনগুলো।

সম্প্রতি এক প্রতিবেদনে নিউ ইয়র্কের অপরাধের খতিয়ান তুলে ধরে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। ২ ফেব্রুয়ারি প্রকাশিত সেই পরিসংখ্যানে দেখা যায় জানুয়ারি মাসে নিউ ইয়র্ক সিটিতে খুনের হার গত বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ কমেছে। ২০২৫ সালের জানুয়ারিতে যেখানে সিটিতে ৩০টি খুনের ঘটনা নথিভুক্ত হয়েছিল, এ বছর সেই সংখ্যাটি নেমে এসেছে মাত্র ১২-তে। এছাড়া ম্যানহাটন এবং স্ট্যাটেন আইল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পুরো মাসে একটিও খুনের ঘটনা ঘটেনি, যা শহরের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। 

শুধু খুনের ঘটনাই নয়, বন্দুক সহিংসতার ক্ষেত্রেও বড় ধরণের সাফল্য মিলেছে। গত বছরের জানুয়ারির তুলনায় এ বছর শুটিং ইনসিডেন্ট ২০ শতাংশ এবং শুটিংয়ের শিকার ব্যক্তির সংখ্যা প্রায় ৩১ শতাংশ হ্রাস পেয়েছে। সিটির প্রধান সাতটি অপরাধের সামগ্রিক হারও গত বছরের তুলনায় ৬.৭ শতাংশ কমেছে।

মেয়র মামদানির এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তার নতুন 'পাবলিক সেফটি রিইমাজিনড' পরিকল্পনা। এই প্রকল্পের আওতায় শহরের সবচেয়ে অপরাধপ্রবণ ৩৩টি প্রিসিন্টে ১৮০০-এর বেশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সাথে সাবওয়ে এবং পাবলিক হাউজিং এলাকাগুলোতে নজরদারি বাড়াতে প্রযুক্তিগত আধুনিকায়ন এবং বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, যার সুফল সরাসরি অপরাধের পরিসংখ্যানে ফুটে উঠেছে।

অপরাধ দমনের পাশাপাশি সম্প্রতি আঘাত হানা ভয়াবহ তুষারঝড় মোকাবিলায় মেয়র মামদানির ত্বরিত পদক্ষেপ নগরবাসীর নজর কেড়েছে। ঝড়ের পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই তিনি সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগকে সক্রিয় করেন এবং ব্যক্তিগতভাবে তুষার সরানোর কাজ তদারকি করতে রাস্তায় নামেন।

২০২৬ সালের শুরুটা জোহরান মামদানির জন্য একটি বড় সাফল্যের বার্তা নিয়ে এসেছে। সক্রিয় নেতৃত্ব তাকে একজন দক্ষ প্রশাসক হিসেবে জনমনে শক্ত অবস্থান দিয়েছে। তবে অপরাধ দমনের ক্রমবর্ধমান গ্রাফ এবং অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আগামী দিনগুলোতে তার নেতৃত্বের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।
 

বিভি/এমএফআর

মন্তব্য করুন: