• NEWS PORTAL

  • রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বিশাল খনির সন্ধান পেয়েছে রাশিয়া, মিলতে পারে সাড়ে ৫ কোটি টন তেলের

প্রকাশিত: ১৬:০০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিশাল খনির সন্ধান পেয়েছে রাশিয়া, মিলতে পারে সাড়ে ৫ কোটি টন তেলের

প্রতীকী ছবি

নিজেদের বৃহত্তম অঞ্চল সাইবেরিয়া-র ইয়ামাল উপদ্বীপে বিশাল তেলক্ষেত্রের সন্ধান পেয়েছে রাশিয়া। গত তিন দশকের মধ্যে সাইবেরিয়ায় আবিষ্কৃত খনিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় বলে দাবি করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম নেফ্ট শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

উত্তর মেরুর আর্কটিক অঞ্চলের কাছাকাছি অবস্থিত ইয়ামাল উপদ্বীপের অধিকাংশ এলাকা সারা বছরই পুরু বরফে আচ্ছাদিত থাকে। সেই বরফাচ্ছন্ন এলাকাতেই নতুন খনিটির সন্ধান মিলেছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, এখানে অন্তত ৫ কোটি ৫০ লাখ টন তেলের মজুত থাকতে পারে।

ভৌগোলিকভাবে উপদ্বীপটি সাইবেরিয়ার দক্ষিণাংশে অবস্থিত এবং অঞ্চলটি তেল ও গ্যাস সম্পদে সমৃদ্ধ। কোম্পানির বিবৃতিতে জানানো হয়, প্রায় তিন বছর ধরে টু-ডি ও থ্রি-ডি সিসমিক জরিপ, ভূতাত্ত্বিক এবং হাইড্রোনেমিক অনুসন্ধান চালানোর পর এ খনির সন্ধান পাওয়া গেছে।

গ্যাজপ্রম নেফ্টের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান আলেক্সান্দার দিউকভ রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে-কে জানান, ইয়ামাল উপদ্বীপে আবিষ্কৃত এই খনি গত ৩০ বছরের মধ্যে অঞ্চলের সবচেয়ে বড়। তার মতে, দক্ষিণ সাইবেরিয়ায় আরও অজানা তেল ও গ্যাসক্ষেত্র থাকতে পারে, তাই সেখানে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রায় ১ কোটি ৭০ লাখ বর্গকিলোমিটার আয়তনের রাশিয়ায় স্থলভাগ ও সমুদ্র—উভয় স্থানেই একাধিক তেলক্ষেত্র রয়েছে। দেশটির মানদণ্ড অনুযায়ী, যেসব খনিতে ৩ কোটি থেকে ৩০ কোটি টন তেলের মজুত থাকে, সেগুলোকে বৃহৎ খনি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: