যুক্তরাষ্ট্রে পৃথক হামলায় দুই পুলিশসহ ৮ জন নিহত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও মিসৌরি অঙ্গরাজ্যে পৃথক ছুরিকাঘাত ও গুলিবর্ষণের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত আটজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা। গার্ডিয়ান ও আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়াশিংটন অঙ্গরাজ্যের টাকোমা শহরের উত্তর-পশ্চিমে একটি খামারবাড়ির বাইরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তর্কাতর্কি ও হট্টগোলের খবর পেয়ে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক তরুণ এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। পরে পিয়ার্স কাউন্টি শেরিফের ডেপুটির গুলিতে ৩২ বছর বয়সী ওই হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। ছুরিকাঘাতে আহত চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই এবং অপরজন হাসপাতালে মারা যান।
এর আগে, সোমবার বিকেল চারটার দিকে মিসৌরি অঙ্গরাজ্যের ক্রিশ্চিয়ান কাউন্টির হাইল্যান্ডভিলে ট্রাফিক সিগন্যালে পুলিশ কর্মকর্তা গ্যাব্রিয়েল রামিরেসকে গুলি করা হয়। এ সময় তাকে সহায়তা করতে এগিয়ে গেলে পুলিশ কর্মকর্তা মাইকেল হিসলোপকেও গুলি করে হামলাকারী। দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।
পরদিন পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, টানা নয় ঘণ্টার অভিযানের পর হামলাকারীর অবস্থান শনাক্ত করা হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তার গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ৪৫ বছর বয়সী হামলাকারী রিচার্ড বার্ড নিহত হয়।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: