হামলার জবাবে দফায় দফায় ইসরাইলে মিসাইল ছুড়ছে ইরান
কয়েক সপ্তাহ উত্তেজনার পর ইরানে হামলা করেছে ইসরাইল। পরে হামলাকারী ইসরাইলকে লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। টানা কয়েক দফা হামলার পর বাংলাদেশ সময় শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আবারও মিসাইল ছোড়ে ইরানি বাহিনী।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান কিছুক্ষণ আগে আরেক দফা মিসাইল ছুড়েছে। এসব মিসাইল প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
এর আগে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। যার মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পরপরই ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এছাড়া কাতার ও বাহরাইনেও মিসাইল ছুড়েছে দেশটি।
সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) জানায়, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করা হয়েছে। কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি। যা মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বড়।
অপরদিকে বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের তথ্য জানালেও; সেটি কিসের শব্দ সেটি স্পষ্ট করেনি। আল জাজিরা জানায়, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরও লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বাহরাইন এই বিষয়টি নিশ্চিত করেছে।
আল জাজিরা জানায়, কুয়েতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিস্ফোরণের পর দেশটিতে সাইরেন বাজানো হয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: